এনসিটির জন্য ১০টি গ্যান্ট্রি ক্রেন কেনা হবে: নৌমন্ত্রী
চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর জন্য ১০টি গ্যান্ট্রি ক্রেন কেনার সিদ্ধান্ত হয়েছে। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল রোববার চট্টগ্রামে সাংবাদিকদের এ কথা জানান।
বন্দর সূত্র জানায়, ২০১৩ সালে বন্দর কর্তৃপক্ষ ৬০০ কোটি টাকা ব্যয়ে ১০টি গ্যান্ট্রি ক্রেন কেনার সিদ্ধান্ত নেয়। তবে এসব ক্রেন বন্দরের টাকায় কেনা হবে, না যারা টার্মিনালটি পরিচালনা করবে তাদের টাকায় কেনা হবে তা নিয়ে সুরাহা হয়নি। নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষ নিজেদের টাকায় যন্ত্রপাতি কেনার পক্ষে ছিল। অন্যদিকে সংসদীয় কমিটির সদস্যরা ও অর্থমন্ত্রী বন্দরের টাকায় যন্ত্রপাতি কেনার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।
গতকাল দুপুরে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকা বন্দরের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বন্দরের টাকায় গ্যান্ট্রি ক্রেন কেনা হতে পারে।
পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক: গতকাল সকালে বন্দর কর্তৃপক্ষের বিশ্রামাগারে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন নৌমন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সড়ক ও মহাসড়কে বর্ধিত টোল কমানোর বিষয়ে এ মাসের মধ্যে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, ‘বর্ধিত টোল কমানোর জন্য নীতিগতভাবে ঐকমত্য হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আগামী ২১ আগস্টের পর মন্ত্রী আমাদের নিয়ে বসবেন। এ নিয়ে বৈঠক হবে। আশা করি, এ মাসে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’