এনসিটির দরপত্র কার্যক্রম স্থগিত করল চট্টগ্রাম বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, আদালতের আদেশ পেয়ে গতকাল বুধবার তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৫ জুন নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৪ ও ৫ নম্বর জেটি পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষ ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়। সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে ভাগাভাগি করে কাজটি পেয়েছে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছীর উদ্দীন ও সাংসদ একরামুল করিম চৌধুরীর মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান। এনসিটির বাকি দুটি জেটিতে অপারেটর নিয়োগের দরপত্র মূল্যায়ন এখনো শেষ করেনি বন্দর।
জানতে চাইলে বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার আদালতের আদেশ বন্দর কর্তৃপক্ষ পেয়েছে। আদেশ পাওয়ার পর দরপত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে।’
বন্দর সূত্র জানায়, নিউমুরিং টার্মিনালের দরপত্র নিয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন আইনজীবী রেদওয়ান আহমদ। বন্দরে কর্মরত বার্থ অপারেটরদের নিউমুরিং টার্মিনালের দরপত্রে অংশগ্রহণের সুযোগ দিতে আদেশ দেন আদালত। এ আদেশকে চ্যালেঞ্জ করে বন্দর কর্তৃপক্ষ আপিল করে। এরপর চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী হাসান মোহাম্মদ রিয়াদ প্রথম আলোকে জানান, গত ২১ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ৩১ জুলাই পর্যন্ত টার্মিনাল অপারেটরের চূড়ান্ত বাছাই কার্যক্রম স্থগিত করার আদেশ দেন। একই সময়ের মধ্যে হাইকোর্ট বিভাগে এই রিট আবেদনের শুনানি শেষ করারও আদেশ দেওয়া হয়। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির সময় বন্দরের পক্ষে শেখ ফজলে নূর তাপস এবং রিট আবেদনকারীর পক্ষে মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।