চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগের দরপত্রের কার্যক্রম আবার শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার চেম্বার জজ আদালত হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিতাদেশ দেওয়ার পর এই কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।
এনসিটির চারটি জেটিতে দুজন অপারেটর নিয়োগের জন্য দুটি দরপত্র আহ্বান করেছিল বন্দর কর্তৃপক্ষ। দরপত্র আহ্বানের পর কঠিন শর্তের কারণে প্রতিযোগিতা সীমিত হয়ে পড়বে বলে বন্দর থেকে চিঠিতে জানানো হয়। এরপর বিষয়টি নিয়ে একটি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করে। হাইকোর্ট গত রোববার এক আদেশে ওই টার্মিনালে অপারেটর নিয়োগের জন্য আহ্বান করা দুটি দরপত্রের প্রক্রিয়া আগামী তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন।
এই আদেশের বিষয়ে বন্দর কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আপিল বিভাগে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। ১৪ জুন আপিল বিভাগে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
জানতে চাইলে বন্দরের মুখপাত্র ও পরিচালক (প্রশাসন) জাফর আলম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার জজ। এর ফলে আগের নির্ধারিত সময়সীমা অনুযায়ী ৯ জুন এনসিটি ৪ ও ৫ নম্বর জেটিতে অপারেটর নিয়োগের দরপত্র জমা নেওয়া হবে। স্থগিত হয়ে যাওয়া এনসিটি ২ ও ৩ নম্বর জেটিতে অপারেটর নিয়োগের দরপত্র জমা দেওয়ার সময়সীমা আইন উপদেষ্টার সঙ্গে মতামত নিয়ে নির্ধারণ করা হবে।