এনাম মেডিকেলের অপহৃত ছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ হওয়ার এক দিন পর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র মোহসিন হোসেনকে (২২) উদ্ধার করা হয়েছে৷ গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁকে ধামরাইয়ের ধূলিভিটা বাসস্ট্যান্ডের অদূরে ফেলে রেখে যায়৷ সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে৷
মোহসিন এনাম মেডিকেলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার ধামরাইয়ের বাউনিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। তিনি সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি থেকে পার্বতীনগরের মেসে ফেরার পথে গত সোমবার রাতে অপহৃত হন। এরপর অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করে৷ তবে পণ ছাড়াই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
মোহসিন হোসেন বলেন, ব্যাংক কলোনি থেকে মেসে ফেরার পথে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তালবাগ এলাকায় চার যুবক গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলে। এরপর চোখ বেঁধে তাঁকে অজ্ঞাত স্থানে নেওয়া হয়। সেখানে একটি বাড়ির দোতলায় আটকে রাখা হয়। পরে তাঁর চোখ খুলে দেওয়া হয়। এ সময় তাঁর পাহারায় ছিলেন অজ্ঞাত দুজন।
মোহসিন হোসেন আরও বলেন, আটকে রেখে মঙ্গলবার দিনভর তাঁকে ভয়ভীতি দেখানো হয়। এ সময় তাঁকে শুধু পাউরুটি ও কলা খেতে দেওয়া হয়। তবে তাঁকে কোনো নির্যাতন করা হয়নি। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা চোখ বেঁধে একটি গাড়িতে করে তাঁকে ধামরাই নিয়ে আসে। এরপর ধূলিভিটা বাসস্ট্যান্ডের অদূরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায়। পরে তিনি হেঁটে বাসস্ট্যান্ডে গিয়ে বড় ভাই মাহবুব হোসেনকে মুঠোফোনে বিষয়টি জানান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ পরে তাঁকে স্বজনদের কাছে দেওয়া হয়।