১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. এনামুর রহমান চৌধুরীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিশেষ ট্রাইবুন্যাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তিনি সাক্ষ্য দেন। পাঁচ আসামির আইনজীবী তাঁকে জেরা করেন। সাক্ষ্যে এনামুর রহমান বলেন, ‘সরকারি তদন্ত কমিটির অনুসন্ধানে জানতে পারি, মোট তিনজন ব্যক্তি এই অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। তাঁরা হলেন: হাফিজুর রহমান, দ্বীন মোহাম্মদ ও হাজী সোবহান। এই তিনজন তখন পলাতক থাকায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।’ ২০০৪ সালের ২ এপ্রিল সিইউএফএলের জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে সে সময়ের সরকার। ওই কমিটিতে এনএসআইয়ের প্রতিনিধি ছিলেন এনামুর রহমান। ১০ ট্রাক অস্ত্র মামলায় চোরাকারবারি হিসেবে অভিযুক্ত হাফিজুর রহমান এবং ট্রলার মালিক দ্বীন মোহাম্মদ গ্রেপ্তার আছেন।সাক্ষ্যের শেষ পর্যায়ে এনামুর রহমান বলেন, ‘যে তিনজন আসামির নাম বলেছি তাদের আমি চিনি না। কারণ তারা তখন পলাতক ছিল।’ গতকাল মঙ্গলবার বেলা ১২টা ৪০ মিনিট থেকে একটা ৪৫ মিনিট পর্যন্ত এনামুর রহমান সাক্ষ্য দেন। বিরতির পর বিকেল সোয়া তিনটা থেকে পাঁচটা পর্যন্ত জেরা চলে। এ সময় হাফিজুর রহমান, দ্বীন মোহাম্মদ, আকবর হোসেন খান, আবদুর রহিম ও হাজী সোবহানের আইনজীবী তাঁকে জেরা করেন। গতকাল আসামি এনামুল হকের পক্ষে অসুস্থতার বিষয়টি উল্লেখ করে অস্থায়ী জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। তবে এ আবেদন মঞ্জুর করেননি আদালত। এনামুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।উল্লেখ্য, এনামুল হক ১০ ট্রাক অস্ত্র আটকের সময় সিইউএফএলের মহাব্যবস্থাপক (অ্যাডমিন) ছিলেন। এনামুল হক ছাড়া অন্য ১০ আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়।