এনামুল হক মোস্তফা শহীদের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক মোস্তফা শহীদ
এনামুল হক মোস্তফা শহীদ

সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। খবর বাসসের।
একুশে পদকপ্রাপ্ত প্রবীণ এই রাজনীতিবিদ ছয়বারের নির্বাচিত সাংসদ ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্লাজায় গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ শুক্রবার সকাল ১০টায় তাঁর মরদেহ হেলিকপ্টারযোগে নিজ নির্বাচনী এলাকা হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে। সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জে, বেলা দুইটায় মাধবপুরে এবং বিকেল চারটায় চুনারুঘাটে তাঁর পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে।
এনামুল হক মোস্তফা শহীদ ১৯৭০-এর প্রাদেশিক নির্বাচন, ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮-এর জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-চুনারুঘাট আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।