এনামুল হককে গুলির ঘটনায় চারজন আটক
আওয়ামী লীগের নেতা এনামুল হক শামীমকে গুলি করার ঘটনায় চারজনকে আটক করেছে র্যাব। তাঁরা হলেন মনির হোসেন, মো. হারুন, রানা ও জুয়েল। তবে এঁদের বিষয়ে র্যাব এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে শিগগিরই পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।
র্যাবের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আটক চারজনের মধ্যে মনির হোসেন, মো. হারুন ও রানা একটি মোটরসাইকেলে চড়ে ওই ঘটনায় অংশ নেন। এঁদের মধ্যে রানা মোটরসাইকেল চালাচ্ছিলেন। হারুন ও মনির পেছনে বসে এনামুল হক শামীমের ওপর গুলি চালান। তাঁদের ছবি পরবর্তী সময়ে ঘটনাস্থলের কাছাকাছি একটি প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে। এ ছাড়া হামলার ঘটনায় আরও কয়েকজন ঘটনাস্থলের আশপাশে ছিলেন।
র্যাব সূত্র জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত অস্ত্রটি তাঁরা ধানমন্ডির একটি সন্ত্রাসী দলের কাছ থেকে ভাড়ায় নিয়েছিলেন। অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে কী কারণে শামীমের ওপর হামলা চালানো হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।
গত ১৯ জুন সকালে ধানমন্ডিতে বাসা থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমকে গুলি করে সন্ত্রাসীরা। দুটি গুলি তাঁর হাতে বিদ্ধ হয়।