এনামুলের স্ত্রীর সম্পদ অনুসন্ধানে নতুন কর্মকর্তা
রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের স্ত্রী তহুরা হকের সম্পদ অনুসন্ধানে উপরিচালক মো. জুলফিকার আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আদেশে এ দায়িত্ব দেওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে।
এনামুল ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছিলেন সদ্য অবসরে যাওয়া পরিচালক যতন কুমার রায়।
জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনামুল হকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে কমিশন। আড়াই মাসেও সিদ্ধান্ত হয়নি।
সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে এনামুলের হলফনামায় বলা হয়, পাঁচ বছর আগে তাঁর স্ত্রীর নামে থাকা ২ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকার অস্থাবর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৫০০ টাকায়।
এদিকে পানছড়ি উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (বর্তমানে ওএসডি সিনিয়র সহকারী সচিব) মো. মামুনুর রশীদের বিরুদ্ধে প্রায় সাড়ে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে মো. জুলফিকার আলীকে। উপপরিচালক আবদুল্লাহ-আল-জাহিদ অভিযোগটি অনুসন্ধান শেষে সেপ্টেম্বর মাসে রমনা থানায় মামলাটি করেন।