এনার্জি গ্লোব পুরস্কার পেল বান্দরবনের তাজিংডং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ সংরক্ষণের জন্য বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার এনার্জি গ্লোব ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বান্দরবানের বেসরকারি সংস্থা তাজিংডং। গতকাল শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এনার্জি গ্লোব ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কারটি সংস্থার নির্বাহী পরিচালক অংশৈসিং মারমার হাতে তুলে দেওয়া হয়।
তাজিংডংয়ের কর্মকর্তারা বলছেন, এনার্জি গ্লোব ফাউন্ডেশন ২০১৬ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছিল গত ৯ নভেম্বর মরক্কোয় অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্বের ১৭৮ দেশের ২ হাজার প্রকল্প থেকে আর্থ ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী হিসেবে বাংলাদেশের তাজিংডংকে বেছে নেওয়া হয়।
‘সামাজিক অংশগ্রহণে গ্রামীণ সাধারণ বন (ভিলেজ কমন ফরেস্ট বা ভিসিএফ) সংরক্ষণ’ প্রকল্পের জন্য তাজিংডংকে এ পুরস্কার দেওয়া হয়। এ প্রকল্পের মাধ্যমে সংগঠনটি বান্দরবানে পাহাড়িদের বিলুপ্তপ্রায় বনাঞ্চল ও পরিবেশ সংরক্ষণের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেছে, অপরদিকে প্রাকৃতিক বনভূমি রক্ষা করে প্রাণ ও উদ্ভিদ বৈচিত্র্যকে সংরক্ষণ করেছে। আরণ্যক ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার সহায়তায় তাজিংডং ১২ হাজার ৯২০ হেক্টর বনভূমিতে বনায়ন করে। ৯টি ক্ষুদ্র জাতিসত্তার প্রায় ১ হাজার সদস্য এই প্রকল্পের মাধ্যমে লাভবান হয় বলে পুরস্কার প্রদানকারী সংস্থাটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
গতকাল ভিয়েনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সাবেক পরিদর্শক প্যানেলের এডওয়ার্ড অয়েনসু, ভারতের সাবেক নারী ও শিশু উন্নয়নমন্ত্রী মানেকা গান্ধী, ইউরোপের গ্লোবাল মার্শাল প্ল্যান ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ফ্র্যানজ জোসেফ, আমেরিকার সাসটেইনেবল মুভমেন্টের প্রতিষ্ঠাতা ডন বেকার প্রমুখ।