এনায়েত হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তিনজন গ্রেপ্তার
ধানমন্ডিতে এনায়েত হোসেন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নওশের আহমেদ (৩০), শহীদুল ইসলাম (৩২) ও শাহাব উদ্দিন আহমেদ (২০) নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে নওশের ও শাহাবউদ্দিনকে এবং মিরপুর থেকে শহীদুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত ২৫ জানুয়ারি মিরপুর থেকে এনায়েত হোসেনকে ডেকে এনে ধানমন্ডি ১৫ নম্বর সড়কের জুনিয়র ল্যাবরেটরি স্কুলের সামনে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় এনায়েতের সঙ্গী নূর হোসেন আহত হন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সহকারী পুলিশ সুপার এহ্সান সাত্তার প্রথম আলোকে জানান, এনায়েত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও কারণ উদ্ঘাটনে র্যাবের একটি গোয়েন্দা দল কার্যক্রম শুরু করে। তারা জানতে পারে, মিরপুরের ছাত্রলীগের নেতা আনোয়ার হোসেনের নির্দেশ ও পরিকল্পনায় ২৫ হাজার টাকার বিনিময়ে নওশের, শহীদুল ও শাহাবউদ্দিন এনায়েতকে হত্যা করে। র্যাব কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে নওশের জানিয়েছেন, এনায়েত মিরপুরের সন্ত্রাসী শাহাদতের সহযোগী। আর তিনি (নওশের) শীর্ষ সন্ত্রাসী বিকাশের দ্বিতীয় প্রধান। মিরপুরে আধিপত্য বিস্তারে এনায়েত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনের পথে বাধা হয়ে দাঁড়ান। এ জন্য তাঁকে খুনের পরিকল্পনা করা হয়।