এনায়েতপুরে হামলায় আ.লীগ নেতা নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মোতালেব হোসেন ওরফে টিক্কা (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বলে পুলিশ জানিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ঈদের দিন বিকেলে একই এলাকা ও ইউনিয়নের যুবলীগ নেতা রাসেল আহমেদের ভাই রানা মিয়া তাঁর চাচাতো বোনকে নিয়ে পাশের যমুনা নদীর তীরে বেড়াতে যান। এ সময় মোতালেব হোসেনের ভাগনে সম্রাট মিয়া তাঁর বন্ধু-বান্ধব নিয়ে রানা ও তাঁর চাচাতো বোনকে উত্ত্যক্ত করেন। রানা বাড়ি গিয়ে বিষয়টি রাসেলকে জানান। পরে রাসেলের নেতৃত্বে বেশ কয়েকজন সম্রাটকে মারধর করার জন্য তাঁর বাড়িতে যান। কিন্তু বাড়িতে সম্রাটকে না পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানার বেতিল সিনেমা হলের পাশে মোতালেব হোসেনকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে আঘাত করে পালিয়ে যান। এলাকাবাসী মোতালেবকে উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার) লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাই পলাতক। মামলার প্রস্তুতি চলছে।