এনায়েতপুরের তাঁতপল্লিতে হাহাকার
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর এলাকাটি তাঁতবস্ত্রের জন্য পরিচিত। এখানকার গ্রামীণ জনপদে কান পাতলেই শোনা যায়, তাঁতের খটখট শব্দ। বাড়িতে উঁকি দিলে দেখা যায়, কেউ নিপুণ হাতে শাড়ি বুনে চলেছেন। কেউবা নিবিষ্টমনে লুঙ্গি তৈরি করছেন।
এই তাঁতশিল্প এখানকার মানুষকে আর্থিক সচ্ছলতা দিয়েছিল। সেই দিন এখন অতীত। তাঁতিদের অনেকেই পরিণত হয়েছেন প্রান্তিক জনগোষ্ঠীতে।
একজন ‘হ্যান্ডলুম’ মালিক আল আমিন বললেন, ‘তাঁত তৈরির কাজ ছাড়া অন্য ব্যবসা শিখিনি। এই তাঁতই আমাদের ঐতিহ্য। কিন্তু এখন ব্যবসায় লাভ একদমই নাই।’
এনায়েতপুর থানা এলাকার তাঁতি পরিবারের সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি। তাঁতসংখ্যা প্রায় দেড় লাখ। তাঁতমালিকেরা অনেকেই একমত হলেন, পরিবর্তিত রুচি ও পছন্দের সঙ্গে সংগতি রেখে তাঁতবস্ত্রের নকশায় পরিবর্তনের ছোঁয়া প্রয়োজন। কিন্তু সে জন্য যে সামর্থ্য ও দক্ষতা দরকার, সাধারণ তাঁতিসমাজের তা নেই।
এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, দেশ-বিদেশে তাঁতপণ্য জনপ্রিয় করার উদ্দেশ্যে প্রচার কার্যক্রম পরিচালনার। তাঁতশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেল, রং-সুতাসহ উপকরণের দাম বাড়া, বিদেশি পোশাকের অবাধ আমদানিতে দেশীয় পোশাকের প্রতি আগ্রহ কমে যাওয়াই তাঁতশিল্পে ভাটার কারণ। তবে ইদানীং কেউ কেউ আশার কথা শোনাচ্ছেন। তাঁতের শাড়ি সাম্প্রতিক সময়ে ভারতসহ কয়েকটি দেশে রপ্তানিও হচ্ছে।
জুনের দ্বিতীয় সপ্তাহে ওই অঞ্চলে ঘুরে জানা গেল, হস্তচালিত হ্যান্ডলুম ও বিদ্যুৎ-চালিত পাওয়ার লুম দিয়ে এই অঞ্চলে তাঁত বোনা হয়। একজন তাঁতি একসঙ্গে দুটো পাওয়ার লুম চালাতে পারেন। তবে হ্যান্ডলুম চালাতে হয় একজনকেই।
আমির সরকারের পাওয়ার লুম ছয়টি। এ জন্য ছয়জন শ্রমিক, ডিজাইনের জন্য আছেন একজন মাস্টার। সুতা পাকানোর শ্রমিক মিলে মোট ১০ জন তাঁর কারখানায় কাজ করেন। আমির সরকার জানালেন, গত বছর তাঁর তিন লাখ টাকা লোকসান হয়েছে। পাওয়ার লুম বিদ্যুতে চলে বলে লোডশেডিং বেশি হলে কাজ প্রায় বন্ধ হয়ে যায়।
বিপণন: দেশের যে কয়েকটি সুতার বড় বাজার রয়েছে, তার মধ্যে শাহজাদপুর অন্যতম। সুতা ছাড়াও এখানে বিক্রি হয় মূলত শাড়ি, লুঙ্গি, গামছা। তাঁতিরা এখান থেকে সুতা কেনেন এবং তাঁদের তৈরি শাড়ি, লুঙ্গি, গামছা বিক্রি করেন।
এনায়েতপুরের তাঁতিরা সপ্তাহে দুই দিন শাহজাদপুর বাজারে যান শাড়ি, লুঙ্গি বিক্রি করতে। কিনে নিয়ে আসেন সুতা।
তাঁতিরা জানালেন, শাড়িতে লাভের পরিমাণ লুঙ্গির থেকে বেশি। যে লুঙ্গি তৈরিতে ৪০০ টাকা খরচ হয়, তাতে গড়ে ২৫ টাকা লাভ থাকে। আর যে শাড়িটি তৈরি করতে ৭০০ টাকা খরচ হয়, তাতে লাভ থাকে ১০০ টাকার মতো।
তাঁতিদের ভাষ্য, তাঁরা যে শাড়িটি ৮০০ থেকে এক হাজার টাকা বিক্রি করেন, সেটি ঢাকার বিপণিবিতানে দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিকোয়। এ অবস্থায় তাঁতিদের একান্ত চাওয়া, বাজারে উপকরণের দামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। সে কথাই বললেন তাঁতমালিকদের সংগঠন বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি বদিউজ্জামান। তার পরও যদি উপকরণের দাম কমানো না হয়, তবে তাঁরা আন্দোলনে নামার কথা ভাববেন বলে জানালেন।