এন্ড্রু কিশোর, কুদ্দুস বয়াতী, ফিডব্যাকের গানে মাতোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত শনিবার সরাইল মুক্তমঞ্চ সাংস্কৃতিক গোষ্ঠী ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে গান পরিবেশন করেন এন্ড্রু কিশোর l ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত শনিবার সরাইল মুক্তমঞ্চ সাংস্কৃতিক গোষ্ঠী ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে গান পরিবেশন করেন এন্ড্রু কিশোর l ছবি: সংগৃহীত

বর্ণিল সাজে সাজানো বিশাল মঞ্চ। সকাল ১০টা থেকে শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ আসতে শুরু করে। ধীরে ধীরে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয় পুরো এলাকা। এরপর একে একে দেশবরেণ্য শিল্পী এন্ড্রু কিশোর, কুদ্দুস বয়াতী ও জনপ্রিয় ব্যান্ড দল ফিডব্যাকের সদস্যরা গান শুরু করলে আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা হন দর্শক-শ্রোতারা।
বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজ মাঠে এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর নাম দেওয়া হয় ‘বৈশাখী সংগীত উৎসব-১৪২৪’। কলেজ পরিচালনা পর্ষদের সার্বিক তত্ত্বাবধানে গত শনিবার ওই অনুষ্ঠান হয়।
তারকা শিল্পীদের আগমনের খবরে গত কয়েক দিন শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মধ্যে দারুণ উৎসাহ ও কৌতূহল চলছিল। নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। একসময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সরাইল কলেজের মাঠ।
দুপুর ১২টার দিকে শুরু হয় সংগীতানুষ্ঠান। প্রথমে দর্শকদের মাতিয়ে তুলেন বাউল তারকা কুদ্দুস বয়াতী। পরে মঞ্চে আসেন এন্ড্রু কিশোর। শেষে ফিডব্যাক গানে গানে কাঁপিয়ে তোলে কলেজ মাঠ। দর্শকদের মুহুর্মুহু করতালি ও হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠানের আয়োজক ছিল সরাইল মুক্তমঞ্চ সাংস্কৃতিক গোষ্ঠী ও ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
এর আগে বেলা ১১টায় প্রথমে সাংবাদিক আল-আমীনের সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির, ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আমীন খান, মজিদ বক্স, আবদুল জব্বার প্রমুখ।