এপার ঝুঁকিমুক্ত, ওপারে শঙ্কা

সিলেট নগরের কাজীরবাজার সেতুর সংযোগ সড়কের একদিকে যান চলাচল নিয়ন্ত্রণ করতে লোহার ফটক বানানো হয়েছে। অন্যদিকে রেলক্রসিংয়ে রেলগেটের বদলে বাঁশ দিয়ে নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। দুদিকে দুটি বাঁশ আর সতর্কতায় একটি সাইনবোর্ড সাঁটিয়ে চলছে পারাপার। এতে করে একদিকে যান চলাচল নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও রেললাইন ঘিরে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কাজীরবাজার সেতু সিলেটে সুরমা নদীর চতুর্থ সেতু। নগরের উত্তর ও দক্ষিণ দিকের জনপথকে একীভূত করেছে এটি। বিগত চারদলীয় জোট সরকারের আমলে নির্মাণ শুরু হয়েছিল এই সেতুর। নির্মাণকাজ স্থগিত, পরিকল্পনা পরিবর্তন শেষে ফের নির্মাণ শুরু—এসব কাজে প্রায় এক দশক অপেক্ষার পর ৮ অক্টোবর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই সেতু দিয়ে যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, চার লেনবিশিষ্ট এই সেতুর দৈর্ঘ্য ৩৯১ ও প্রস্থ ১৯ মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১২৪ কোটি টাকা। নির্মাণসংশ্লিষ্ট সওজের কয়েকজন প্রকৌশলী বলেন, সেতুর উত্তর দিকে হচ্ছে সিলেট নগর। কাজীরবাজার এলাকার মোড় পর্যন্ত সেতু বর্ধিত করা এবং দক্ষিণ দিকে দক্ষিণ সুরমা এলাকায় সিলেটের পুরোনো রেলস্টেশনের সঙ্গে সেতুর সংযোগ সড়ক বর্ধিত করতেই দৈর্ঘ্য বাড়াতে হয়েছে। এ কারণে সেতুর দক্ষিণ ভাগের সংযোগ সড়ক সিলেট-ছাতক রেললাইন অতিক্রম করে গেছে।
সিলেট-ছাতক রেললাইন দিয়ে দুই বেলা দুটি রেল আসা-যাওয়া করে। একটি সকালে, অন্যটি বিকেলে। সকালের দিকে সেতু দিয়ে যান চলাচল তুলনামূলক কম থাকলেও বিকেলে যানবাহনের সঙ্গে মানুষজনের যাতায়াত বেশি থাকে। খোলামেলা পরিবেশ হওয়ায় সেতু এলাকায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। সংযোগ সড়কের রেলক্রসিংয়ে রেলগেট হলে যানবাহনসহ মানুষের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হতো বলে আশপাশ এলাকার বাসিন্দারা মনে করছেন।
উদ্বোধনের প্রায় এক সপ্তাহ পর গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সেতুর দক্ষিণ অংশের কাজীবাজার এলাকায় লোহার ফটক। আট ফুট উচ্চতার এই ফটকটি সেতু উদ্বোধনের আগেই করা হয়েছে। সওজ কর্তৃপক্ষ এটি নির্মাণ করেছে। সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে এ ব্যবস্থা। অন্যদিকে দক্ষিণ সুরমার রেললাইন অংশে দুদিকে দুটি বাঁশ ফেলে রাখা। রেল কর্তৃপক্ষের সতর্কতা সাইনবোর্ডে ‘সাবধান, সামনে গেটম্যানবিহীন লেভেল ক্রসিং, নিজ দায়িত্বে পারাপার হবেন—রেল কর্তৃপক্ষ’। ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের মধ্যে রাখায় প্রতিদিন বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত কাজীরবাজার সেতু অনেকটা পর্যটন সেতুতে রূপ পায়। রেললাইনে রেলগেট না থাকাটা সেতু এলাকায় সপরিবারে বেড়াতে যাওয়া মানুষের জন্য বেশি ঝুঁকির বলে সেতুর এপার-ওপারের বাসিন্দারা মনে করছেন।
সেতু এলাকায় বেড়াতে যাওয়া নগরের চৌকিদেখি এলাকার বাসিন্দা ব্যবসায়ী চৌধুরী মোহাম্মদ শাহিন বলেন, ‘সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল না করাতে একদিকে নিরাপত্তাব্যবস্থা স্বস্তির। কিন্তু যেখানে ঝুঁকি আছে, সেখানে বাঁশ দিয়ে নিরাপত্তাব্যবস্থা মোটেই মানানসই নয়। এত টাকা খরচ করে সেতু নির্মাণের পর সামান্য একটি রেলগেট না হওয়াটা দুঃখজনকই বলতে হয়।’
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলামও রেলগেট না থাকায় ঝুঁকির বিষয়টি স্বীকার করেন। তবে রেলগেট নির্মাণের জন্য সওজ থেকে রেল কর্তৃপক্ষকে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সেতুর সংযোগ সড়ক নির্মাণকালে রেলগেট নির্মাণ বাবদ সেতু ব্যয় থেকে ১ কোটি ৬৮ লাখ টাকা রেলওয়ে বিভাগকে দেওয়া হয়েছে। টাকা পাওয়ার পরও কেন রেলওয়ে এ কাজ করছে না—এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।