এপারে জাগছে আশা, ওপারে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রামের বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলে তিন মাস আগে দেওয়া হয়েছে বিদ্যুৎ-সংযোগ। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
লালমনিরহাটের পাটগ্রামের বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলে তিন মাস আগে দেওয়া হয়েছে বিদ্যুৎ-সংযোগ। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

বিলুপ্ত ঘোষিত রাজমহল ছিটমহলে এ বছরের জানুয়ারিতে স্থানীয় মানুষের উদ্যোগে গড়ে উঠেছে মফিজার রহমান কলেজ। পঞ্চগড় জেলার ৩৬টি ছিটমহলের মধ্যে একটি এই রাজমহল। এখানকার কলেজটি পাঠদানেরও অনুমতি পেয়েছে। প্রথম বছরেই ভর্তি হয়েছে ৯৬ জন শিক্ষার্থী। গত শনিবার দুপুরে গিয়ে দেখা গেল, শ্রেণিকক্ষে চলছে প্রথম বর্ষের ক্লাস। কলেজ মাঠে তৈরি হচ্ছে শহীদ মিনার। কলেজের শিক্ষার্থী মাহফুজা আক্তার বলল, ‘এখন নিজের পরিচয়ে পড়াশোনা করতে পারছি। আগে বিভিন্ন বাড়িতে থেকে নিজের পরিচয় গোপন করে এসএসসি পাস করেছি।’
পাল্টে যাচ্ছে রাজমহল। মাহফুজা আক্তারের মতো অনেকেরই আর ‘ছিটবাসী’ হওয়ার লজ্জা নেই। গত বছরের ৩১ জুলাই মধ্যরাতে ৬৮ বছরের এই গ্লানির অবসান হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা ১৬২টি ছিটমহলের বিনিময় হয়। বাংলাদেশের অভ্যন্তরে ছিল ১১১টি ছিটমহল। বাকিগুলো ভারতের। এক বছর পর, বাংলাদেশের মূল ভূখণ্ডে যুক্ত হওয়া ছিটমহলগুলোতে বেশ কিছু অপ্রাপ্তির পরও মানুষ আশায় বুক বেঁধেছে। কিন্তু ভারতের ভূখণ্ডে যুক্ত হওয়া ছিটমহলগুলোর মানুষেরা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসাব মেলাতে পারছে না।
বাংলাদেশের চার জেলায় ছিল বিলুপ্ত ঘোষিত ছিটমহলগুলো। এর মধ্যে লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬, কুড়িগ্রামে ১২ ও নীলফামারীতে ৪টি।
লালমনিরহাটের সদর উপজেলায় ২টি, হাতীবান্ধা উপজেলায় ২টি ও পাটগ্রাম উপজেলায় ৫৫টি বিলুপ্ত ছিটমহলের জনসংখ্যা ১০ হাজার ৩৭৬। গত শনিবার পাটগ্রামের ৫টি ছিটমহলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে দেখা গেল, বাংলাদেশের নাগরিক হওয়ার আনন্দে উদ্বেল তারা। কিন্তু উন্নয়ন নিয়ে শঙ্কাও আছে তাদের মধ্যে। বাঁশকাটা ছিটমহলে সদ্য স্থাপিত নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা নজরুল ইসলাম বললেন, ‘৬৮ বছর ধরে আমরা কোনো উন্নয়ন দেখিনি। কাউকে বলার অধিকারও ছিল না।’
স্থানীয় লোকজন জানান, এই বিদ্যালয়ের পাঠদানের অনুমতি এখনো মেলেনি। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগে একমাত্র সড়কটি পাকা করার কাজ শুরু করা হয়নি। এই ছিটমহলের নাগরিকেরা ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি করতে চেয়েছিলেন। কিন্তু চলমান বন্যা সে আশায় বাদ সেধেছে। বন্যায় ধরলা নদীর ভাঙনে সড়কে দুটি স্থানের এক কিলোমিটার বিলীন হয়ে গেছে। তবে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ-আল-মামুন বললেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দল এসে সরেজমিনে নদীভাঙন এলাকা পরিদর্শন করে গেছে।
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া উৎসব পালনে প্রস্তুত। ছিটমহলগুলোর মধ্যে সবচেয়ে বড় দাশিয়ারছড়ায় গতকাল রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি জ্বালানো হয়। আজ রয়েছে নৌকাবাইচ, হা-ডু-ডু, লাঠি খেলাসহ নানা আয়োজন। এলাকায় তিন কিলোমিটার নতুন সড়ক হয়েছে। একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প ও তিনটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের কাজ চলছে।
সদ্য বিলুপ্ত বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ইতিমধ্যে শতভাগ অধিবাসী বিদ্যুৎ-সুবিধা পেয়েছে। ফুলবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্রনাথ ওরাঁও বলেন, ১৮টি দপ্তরের অধীনে উন্নয়নকাজ চলছে।
এই এলাকাকে ইউনিয়ন পরিষদ করার দাবি আজও পূর্ণ হয়নি দাশিয়ারছড়ার মানুষের।
নীলফামারীর ২৯ বড় খানকি খারিজা গিদালদহ ছিটমহলের মানুষ বিদ্যুৎ পেয়েছে। কিন্তু ঘন ঘন আসা-যাওয়া বিরক্তি তৈরি করেছে।
বাংলাদেশে যুক্ত সাবেক ছিটমহলগুলোতে এসব বিরক্তি, অপ্রাপ্তি থাকলেও তা নিয়ে বড় বিপত্তি তৈরি হয়নি। যেটা হয়েছে ভারতীয় যুক্ত ছিটমহলগুলোতে। গতকাল পশ্চিমবঙ্গের কোচবিহারের নেতাজি ইনডোর স্টেডিয়ামে ছিটমহল নিয়ে অনুষ্ঠানের আয়োজন হয়। তবে এ অনুষ্ঠানে ছিটমহলবাসীর উপস্থিতি ছিল নগণ্য। ছিটমহলবাসীর অনেকেই বলেছেন, তাঁদের স্বপ্ন ভেঙে গেছে। সাবেক ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল প্রথম আলোকে বলেন, অনেকেই এখন হতাশ হয়ে পড়েছেন। ফিরে গেছেন অনেকে। ফিরে যেতেও চাইছেন অনেকে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কলকাতা প্রতিনিধি, কুড়িগ্রাম অফিস, নীলফামারী প্রতিনিধি, পঞ্চগড় প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি)