এপিআই শিল্পপার্কে অক্টোবরের মধ্যেই প্লট বরাদ্দ হবে
চলতি বছরের অক্টোবরের মধ্যেই ওষুধ শিল্পনগরী প্রকল্পের (এপিআই শিল্পপার্ক) প্লট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী বলেন, প্লট বরাদ্দ দেওয়ার পরপরই শিল্পনগরীতে ওষুধের কাঁচামাল উৎপাদনের কারখানা স্থাপন শুরু হবে। এতে ওষুধশিল্পের কাঁচামাল খাতে আমদানি খরচ ৭০ ভাগ কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।
বিসিকের আওতায় বাস্তবায়নাধীন ওষুধ শিল্পনগরী প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। আজ রোববার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জ্যেষ্ঠ শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিকের নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার, বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সফিউদ্দিনসহ শিল্প মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ওষুধ শিল্পনগরীর কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিল্পনগরীতে ৪২টি শিল্প ইউনিটের অনুকূলে প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া শিল্পোদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ওষুধশিল্পের উদ্যোক্তারা বরাদ্দপ্রাপ্ত প্লটের বিপরীতে মূল্য পরিশোধের সময়সীমা বৃদ্ধি এবং সার্ভিস চার্জ কমানোর জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে শিল্পমন্ত্রী বরাদ্দ করা প্লটের মূল্য পরিশোধের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর এবং বিসিক নির্ধারিত সার্ভিস চার্জ ২০ ভাগ থেকে কমিয়ে সাড়ে ১২ ভাগ নির্ধারণ করেন। এর ফলে পরিবেশবান্ধব এ শিল্পনগরীর কার্যক্রম দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওষুধ শিল্প মালিক সমিতির সদস্যরা শিল্পমন্ত্রীর এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন।
শিল্পমন্ত্রী বলেন, ওষুধশিল্প বাংলাদেশে একটি উদীয়মান শিল্প খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশে উৎপাদিত ওষুধ ইতিমধ্যে বিশ্বের ১৩৩টি দেশে রপ্তানি হচ্ছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ পেটেন্ট ওষুধ উৎপাদনের জন্য ডব্লিউটিও থেকে ২০৩৩ সাল পর্যন্ত ছাড় পেয়েছে। এ সুযোগ কাজে লাগাতে তিনি দ্রুত এপিআই শিল্পপার্ক বাস্তবায়নে এগিয়ে আসতে উদ্যোক্তাদের আহ্বান জানান। এটি বাস্তবায়িত হলে ওষুধশিল্প খাতে আমদানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি রপ্তানি আয় বাড়বে বলে তিনি জানান।
বর্তমানে দেশের ওষুধশিল্প খাতে প্রায় নয় হাজার কোটি টাকার ওষুধ উৎপাদিত হচ্ছে। এ উৎপাদন থেকে অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৯৭ ভাগ মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এপিআই শিল্পপার্ক স্থাপন করা হলে ওষুধশিল্পের কাঁচামালের দেশীয় চাহিদার শতকরা ৭০ ভাগ জোগান দেওয়া সম্ভব হবে।