এপিএলের তৃতীয় আসর শুরু

দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী চান্নির চক এলসি কলেজিয়েট স্কুল মাঠে শুরু হয়েছে অ্যালামনাই প্রিমিয়ার লিগের (এপিএল) তৃতীয় আসর। ‘এসো মিলি ভ্রাতৃত্বের বন্ধনে’ স্লোগান সামনে রেখে গতকাল শনিবার (২১ ডিসেম্বর) শুরু হয়েছে এপিএল ২০১৯।
হাড়কাঁপানো কনকনে শীত আর কুয়াশাচ্ছন্ন সকালে এপিএল টুর্নামেন্টের উদ্বোধন করেন চান্নির চক এলসি কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি বিমল কৃষ্ণ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আইনজীবী কমলেশ সানা এপিএল আয়োজনের প্রশংসা করেন। এ খেলা ভবিষ্যতেও চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এরপর জাতীয় সংগীতের পরই খেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ সানা ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অমলেন্দু বাছাড়। এপিএলের এ আয়োজন উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে স্কুলমাঠ এক মিলনমেলায় পরিণত হয়। এপিএলের এই আয়োজনে আশপাশে গ্রামবাসীর মধ্যেও একটা উৎসবের আমেজ বিরাজ করছে।

২০ ওভারের খেলায় এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ১৯৯৬-২০০০ ব্যাচ ১৯৮৫-১৯৯৫ ব্যাচকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। ২৮ ডিসেম্বর ফাইনালের মাধ্যমে এপিএলের পর্দা নামবে।