এপিএস ফারুকের ব্যাংক হিসাব জব্দই থাকছে
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারের ব্যাংক হিসাব খুলে দেওয়ার আদেশ বাতিলের রায় স্থগিত করেননি চেম্বার বিচারপতি।
৯ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালত সংশ্লিষ্ট ব্যাংক হিসাবটি অবমুক্ত করার আদেশ দেন। গত ২৯ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই অবমুক্তির আদেশ বাতিল করেছিলেন। এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন ফারুক। গতকাল মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আবেদনটি খারিজ করে দেন।
আদালতে ফারুকের পক্ষে আইনজীবী এস এম শাজাহান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ফারুকের ব্যাংক হিসাব অবমুক্তির আদেশ বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল। তাঁর ৭০ লাখ টাকার ওই হিসাব জব্দই থাকবে।
গত বছরের ৯ এপ্রিল রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, তখনকার বেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারুক ও রেলওয়ের কমান্ড্যান্ট এনামুলকে বহনকারী গাড়িটি বিজিবি সদর দপ্তরে ঢুকিয়ে দেন গাড়িচালক আজম। এ সময় তাঁদের কাছে ৭০ লাখ টাকা পাওয়া যায়। ওই ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। ওই টাকার উৎস জানতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে ওমর ফারুকের বিরুদ্ধে অবৈধ সম্পদের সন্ধান পাওয়ায় গত বছর ১৪ আগস্ট রমনা থানায় মামলা করে দুদক।