এপিএসের (একান্ত সহকারী সচিব) কাছে গত সোমবার রাতে পাওয়া বিপুল টাকার দায় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘মন্ত্রীর এপিএসের কাছে লাখ লাখ টাকা পাওয়া যায়। এর দায় অস্বীকার করতে পারেন না মন্ত্রী। নৈতিক কারণে তাঁর পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রীকেও এর দায় নিতে হবে।’সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন খোকা ‘ঘুষের টাকা লেনদেনের ঘটনা’ ধরিয়ে দেওয়ায় রেলমন্ত্রীর এপিএসের গাড়িচালককে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘পিয়ন, দারোয়ানের কাছ থেকে টাকা লুটে নিয়ে মন্ত্রীর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। ন্যূনতম বিবেক থাকলে এই মন্ত্রীকে বরখাস্ত করা উচিত।’সাদেক হোসেন খোকা বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে ইনিয়ে-বিনিয়ে অনেক সুন্দর কথা বলেন। অনেক সময় তাঁর কথায় আমরা মুগ্ধও হই। আজ থলের বিড়াল বেরিয়ে গেছে।’বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে এবং বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে চারদলীয় জোট ও সমমনা দলের ঢাকা মহানগর কমিটি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে কৃষি উপকরণের দাম বাড়ার প্রতিবাদে ২৫ এপ্রিল সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে বড় ধরনের দুর্নীতি আছে। স্থায়ী বিদ্যুৎ প্রকল্প না করে সরকার কুইক রেন্টাল প্রকল্প নিয়ে আসে। টেন্ডার ছাড়া এসব প্রকল্প করে দুর্নীতি হালাল করার জন্য জাতীয় সংসদে আইন পাস করে।’ তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে ভারতনির্ভর করার জন্য দেশের শিল্পকারখানা ধ্বংস করে দেওয়া হচ্ছে।দলীয় ব্যক্তিদের নতুন ব্যাংক অনুমোদন দেওয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি নতুন প্রতিটি ব্যাংকের জন্য জমা দেওয়া ৪০০ কোটি টাকার উৎস জনগণকে জানানোর দাবি করেন।ট্রাইব্যুনাল সম্পর্কে জামায়াতের নেতারা: একই সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘অবিচারের ট্রাইব্যুনাল’ আখ্যা দিয়ে তা ‘চুরমার’ করার কথা বলেছেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘তথাকথিত যুদ্ধাপরাধের বিচার এই সরকারের চরম ব্যর্থতা। ত্রিপক্ষীয় চুক্তির ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছেন, এর জন্য আপনাদের বিচার হওয়া উচিত।’