ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা নিষ্পত্তির হার অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে আইন কমিশন। কমিশন বলেছে, নিম্ন আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য কোর্ট সাব-ইন্সপেক্টরের পরিবর্তে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নিয়োগ করার পর থেকে এ পরিস্থিতি তৈরি হয়েছে। মামলাজট নিরসন-সম্পর্কিত এক প্রতিবেদনে আইন কমিশন এসব কথা বলেছে।
এপিপি নিয়োগের আগে ও পরে মামলা নিষ্পত্তির সংখ্যা হিসাব করে কমিশন বলছে, দ্রুত বিচারক নিয়োগ না করা হলে মামলাজট ক্রমশ বাড়বে। এভাবে চলতে থাকলে দেশের বিচারব্যবস্থা ভেঙে পড়বে।
আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে প্রতিবেদনটি জমা দেন।
এ সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদন জমা পড়েছে। তবে এখনো পড়ার সুযোগ হয়নি। এ নিয়ে কমিটিতে আলোচনা হবে। তারপর মতামত জানাব।’
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য কোর্ট সাব-ইন্সপেক্টরের পরিবর্তে এপিপি নিয়োগ দেওয়া হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পরিসংখ্যানে দেখা যায়, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ২৮টি আদালতে ২০ জন আদালত উপপরিদর্শক (কোর্ট সাব-ইন্সপেক্টর) নিয়োজিত ছিলেন। তাঁরা আদালতে ৬০ হাজার ৪৯৬টি মামলা পরিচালনা করেন; যার মধ্যে ২৯ হাজার ৮৪২টি মামলা নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তির হার ৪৯ দশমিক ৩২ শতাংশ। সাজার হার ৫১ দশমিক ৬৯ শতাংশ।
আর এপিপি নিয়োগের পর ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে ৪২টি আদালতে ৮৯ হাজার ৬৬৯টি মামলার অভিযোগপত্র জমা হয়। মামলা পরিচালনার জন্য ১০০ জন এপিপি ছিলেন। এ সময়ে মামলা নিষ্পত্তি হয় ২২ হাজার ৮২৬টি। মামলা নিষ্পত্তির হার ২৫ দশমিক ৪৫ শতাংশ। সাজার হার ৪৩ দশমিক ৫১ শতাংশ।
আইন কমিশন বলেছে, এপিপি নিয়োগের উদ্যোগ ফলপ্রসূ হয়নি। কারণ অধিকাংশ আদালতে এপিপিরা নিয়মিত উপস্থিত থাকেন না বা মামলা পরিচালনায় উৎসাহবোধ করেন না। সাক্ষী উপস্থিত হলেও তাঁকে ফেরত পাঠানো হয়। যে কারণে মামলা নিষ্পত্তির হার কমছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতি ১০ হাজার মানুষের জন্য একজন এবং ভারতে ৬৭ হাজারের জন্য একজন করে বিচারক নিয়োজিত আছেন। সেখানে বাংলাদেশে প্রতি ১ লাখ ৫২ হাজার মানুষের জন্য একজন করে বিচারক আছেন। ১৬ কোটি মানুষের জন্য বিচারকের পদের সংখ্যা ১ হাজার ৬৫৫টি। এর মধ্যে ৪৫৭টি পদ খালি রয়েছে। বর্তমানে আদালতে ৩০ লাখ মামলা বিচারাধীন আছে। এ সংখ্যা বেড়েই চলেছে। দেড় হাজার বিচারক দিয়ে এই পরিমাণ মামলা নিষ্পত্তি করা অসম্ভব। বর্তমানে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রধান কারণ মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা। এর ফলে অপরাধীরা অপরাধ করতে উৎসাহিত হচ্ছে।
আইন কমিশনের মতে, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতি ৪০ হাজার মানুষের জন্য একজন করে বিচারক নিয়োগ করা প্রয়োজন।
সংসদ ভবনে গতকাল সকালে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় আছে। এর জন্য পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশ আসামি ধরে কার কাছে নিয়ে যাবে? মামলা দ্রুত নিষ্পত্তি করতে হলে বিচারক নিয়োগ দিতে হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সদস্য তাজুল ইসলাম চৌধুরী, শামসুল হক, আবদুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস, জিয়াউল হক মৃধা ও সফুরা খাতুন এবং বিশেষ আমন্ত্রণে আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক উপস্থিত ছিলেন।