এপিপিজির প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাংসদের নামে আনা টাকার হিসাব নেই সংসদে’ ১১ জানুয়ারি এই শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছে সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি)। তাদের ব্যাখ্যায় বলা হয়েছে, যুক্তরাজ্যের এপিপিজির আদলে ২০০৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদের এপিপিজি গঠিত হয়। শুরু থেকে প্রতিষ্ঠানটি স্বচ্ছতার সঙ্গে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এর প্রমাণ হলো: এপিপিজির কমিশন বৈঠক, ক্লাস্টারসমূহের বৈঠক, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠক, আন্তমন্ত্রণালয় বৈঠক, অনুষ্ঠান এবং দেশে-বিদেশে সাংসদ ও কর্মকর্তাদের শিক্ষাসফর। এসব কর্মসূচির কার্যবিবরণী ও সরকারি আদেশ (জিও) সংসদ সচিবালয় থেকে জারি করা হয়েছে, যা সংসদসংশ্লিষ্ট শাখা ও মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে।
সংসদ থেকে হিসাব চাইলে পিইটি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি, এ বক্তব্য সঠিক নয়। কারণ, সংসদ থেকে পিইটির কাছে কোনো হিসাব চাওয়া হয়নি। বিভিন্ন সময়ে সব ধরনের ব্যয়ের হিসাব এপিপিজির কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।
স্পিকারের নির্দেশে এপিপিজির কার্যালয় সংসদ ভবন থেকে সরিয়ে মন্ত্রী হোস্টেলে স্থানান্তরের বক্তব্যটিও সঠিক নয়। কারণ, ২০১০ সালের ২৯ মার্চ কার্যালয়টি বরাদ্দ করা হয়েছিল। গত মাসে বিশ্ব জলবায়ু সম্মেলনে এপিপিজির প্রতিনিধি–দলের নথি স্পিকার অনুমোদন করেননি বলে যা ছাপা হয়েছে, তা-ও অসত্য।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদে ‘বাংলাদেশ জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপ’ উল্লেখ করা হয়েছে। কিন্তু সংসদ সচিবালয় থেকে প্রথম আলোকে যে তথ্য সরবরাহ করা হয়েছে, সে অনুযায়ী জাতীয় সংসদের কোনো সর্বদলীয় গ্রুপ নেই। আছে সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের সাংসদদের নিয়ে গঠিত এপিপিজি। এর সঙ্গে সংসদের কোনো সম্পর্ক নেই।
যুক্তরাজ্যের আদলে এপিপিজি পরিচালিত হচ্ছে বলে দাবি করা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। যুক্তরাজ্যের এপিপিজি স্বচ্ছতার জন্য বছর শেষে তাদের আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করে। এখানকার এপিপিজি কখনো হিসাব প্রকাশ করেনি।
গত ১১ বছরে এপিপিজির সব কর্মসূচির কার্যবিবরণী ও জিও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা হয়েছে, এ বক্তব্য প্রথম আলোতেও ছাপা হয়েছে।
তবে সংসদ সচিবালয় প্রথম আলোকে জানিয়েছে, এপিপির সঙ্গে সংসদের কোনো সম্পর্ক নেই। তাই এ-সংক্রান্ত কোনো তথ্য ও হিসাব-নিকাশ সংসদ সচিবালয়ে নেই।