এপিপির বিরুদ্ধে আসামিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের সঙ্গে অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাছির উদ্দিনের যোগসাজশের অভিযোগ তুললেন জেলা পিপি।
গতকাল বুধবার জেলা পিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনা হয়। পিপি আবুল হাশেম বলেন, ‘মামলার দুই আসামি হাসান ও আবু তৈয়বের বাড়ি এবং এপিপির বাড়ি পাশাপাশি। আমার অজ্ঞাতসারে আসামিদের খালাস পাইয়ে দিতে মামলাটি পরিচালনা করছেন তিনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত মামলার বাদী বিমল শীল বলেন, ‘মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে তৃতীয় অতিরিক্ত জেলা জজ আদালতে এলে এপিপি নাছির উদ্দিন আমার দোকানে গিয়ে মামলাটি তিনি পরিচালনা করবেন বলে জানান। বিষয়টি জেলা পিপিকে জানাতেও বারণ করেন তিনি।’
অভিযোগ প্রসঙ্গে এপিপি নাছির উদ্দিন বলেন, ‘পিপি হাশেম আমাকে কখনো বলেননি তিনি মামলাটি পরিচালনা করবেন। এমনকি মামলার নথিও চাননি আমার কাছে।’
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্রলাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।