চট্টগ্রামে চক্রেসো আবাসিক এলাকার দেয়াল ভেঙে দেওয়ার হাইকোর্টের নির্দেশনা ২২ মের আগে বাস্তবায়ন করতে পারছে না আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কর্তৃপক্ষ। কারণ, এপিবিএনের অধিনায়ক এখন দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ২১ কিংবা ২২ মে দেশে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, নগরের বায়েজিদ থানার পশ্চিম ষোলশহর ও পূর্ব নাসিরাবাদ মৌজায় বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা এ আবাসিক এলাকা গড়ে তুলেছেন। প্রায় এক মাস আগে এপিবিএন আবাসিক এলাকার সামনে দেয়াল নির্মাণের কাজ শুরু করলে দুটি ভবনের বাসিন্দারা এক রকম অবরুদ্ধ হয়ে পড়েন। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের অধিনায়ক (পুলিশ সুপার পদমর্যাদা) দেশের বাইরে আছেন। তিনি ফিরলে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং পুলিশের স্বার্থ রক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ দীন মোহাম্মদ বলেন, ‘হাইকোর্ট দেয়াল-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন বলে আমি শুনেছি। নির্দেশনা বাস্তবায়নে চার সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট, যা চলতি মাসের শেষ সপ্তাহে শেষ হচ্ছে। তবে ওই নির্দেশনা আমরা এখনো পাইনি।’