এপিবির বার্ষিক সম্মেলন শুরু
বিশেষজ্ঞ চিকিৎসকদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশের (এপিবি) ২৯তম বার্ষিক সম্মেলন এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার আজ শুক্রবার বিকেলে শুরু হয়েছে। আগামীকাল শনিবার বিকেলে একটি অভিজাত হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাক্-বৈজ্ঞানিক অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। অধিবেশনে বিভিন্ন পরীক্ষাপদ্ধতি ও ইসিজির বিশ্লেষণ নিয়ে আলোচনা হয়। এরপর চিকিৎসকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আগামীকাল সকাল থেকে দেশি-বিদেশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা একাধিক অধিবেশনে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। বিকেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন এপিবির যাত্রা শুরু ১৯৮৯ সালে। চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মধ্যে দৃষ্টিভঙ্গির বিনিময়, সমন্বয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়াতে কাজ করছে এপিবি। এপিবির এই সম্মেলন আয়োজনে সহায়তা করছে প্রথম আলো।