এপ্রিল পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত¯সাময়িক হিসাব অনুযায়ী ১,১৯,৩৩৮ কোটি ২৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, চলতি ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১,১৭,১২১ কোটি টাকা। সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণ ২,২১৭ কোটি টাকা, অর্থাৎ প্রায় ২ শতাংশ বেশি হয়েছে।
সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়ন্ত্রণাধীন জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কাস্টমস, ভ্যাট ও আয়কর খাতে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১,৫০,০০০ কোটি টাকা। চলতি বছরের মে পর্যন্ত সাময়িক হিসাব অনুযায়ী আদায়ের লক্ষ্যমাত্রা ১,২৯,৯০২ কোটি ৩৯ লাখ টাকা।
মুহিত বলেন, এ সময়ে আদায় হয়েছে ১,৩২,৯৫৪ কোটি ২১ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩,০৫২ কোটি টাকা বেশি। বছর শেষে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১,৫০,০০০ কোটি টাকা অতিক্রম করবে ।
অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের মে পর্যন্ত আদায়ের পরিমাণ পূর্ববর্তী অর্থবছরের (২০১৪-১৫) একই সময়ের আদায়ের তুলনায় ১৬,৫১২ কোটি ৬৫ লাখ টাকা বেশি।