এপ্রিলে চালু হচ্ছে বিমানের ঢাকা দিল্লি ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দিল্লি ফ্লাইট আগামী মাসে চালু হচ্ছে। গতকাল সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে তাঁর দপ্তরে ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা-গুয়াহাটি ফ্লাইট চালুর বিষয়ে রাশেদ খান মেননের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে ভারতের হাইকমিশনার বলেন, লন্ডনগামী শিলংয়ের যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণ
করতে পারবেন। এ ছাড়া সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটননগরে যেতে পারবেন। মন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও বিকাশ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ বলে বৈঠকে অভিমত প্রকাশ করা হয়।
উত্তরাঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তিস্তার পানিবণ্টন চুক্তি জরুরি বলে রাশেদ খান মেনন মন্তব্য করলে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, এ ব্যাপারে ভারত অত্যন্ত সজাগ ও সচেতন।