এপ্রিলে ঢাকায় গঠিত শান্তি কমিটির সদস্য ছিলেন গোলাম আযম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের তৃতীয় দিনে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ বলেছে, একাত্তরের ৯ এপ্রিল ঢাকায় গঠিত শান্তি কমিটির সদস্য ছিলেন গোলাম আযম। ১৪০ সদস্যের ওই কমিটির আহ্বায়ক ছিলেন খাজা খয়েরউদ্দিন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে বিকেল চারটা পর্যন্ত রাষ্ট্রপক্ষ অভিযোগ উপস্থাপন করে। গতকাল আনুষ্ঠানিক অভিযোগের ১২২ পৃষ্ঠা থেকে পড়া শুরু করে ১৫১ পৃষ্ঠা পর্যন্ত পড়েন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরজাহান মুক্তা ও জেয়াদ-আল-মালুম।অভিযোগে রাষ্ট্রপক্ষ বলে, একাত্তরের ৪ এপ্রিল বিকেলে গোলাম আযমসহ ১২ সদস্যের একটি প্রতিনিধিদল গভর্নর হাউসে গিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক টিক্কা খানের সঙ্গে দেখা করেন। সে সময় গোলাম আযমসহ অন্যরা ঢাকায় নাগরিক শান্তি কমিটি গঠনের প্রস্তাব এবং দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে ৯ এপ্রিল ওই শান্তি কমিটি গঠিত হয়।রাষ্ট্রপক্ষ আরও বলে, টিক্কা খানের সঙ্গে একাধিক বৈঠক, বিভিন্ন স্থানে দলীয় সমাবেশে বক্তব্য প্রভৃতিতে গোলাম আযম মুক্তিযোদ্ধাদের ‘পাকিস্তানে সশস্ত্র অনুপ্রবেশকারী’, মুক্তিযোদ্ধাদের প্রতিরোধকে ‘ভারতের ঘৃণ্য হামলা’ প্রভৃতি বলে উল্লেখ করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের আমির হিসেবে ঊর্ধ্বতন নেতৃত্বে ছিলেন। কিন্তু মানবতাবিরোধী অপরাধ করা থেকে পাকিস্তানি সেনা ও শাসকদের বাধা দেননি। এ জন্যও তিনি মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্ত নন। গোলাম আযমের বিরুদ্ধে ১৯১ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের বাকি অংশ ২২ ফেব্রুয়ারি উপস্থাপন করা হতে পারে।