গত মাসে সারা দেশে ১০ জন গুম ও ১৮ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়, এসব গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার থাকার অভিযোগ পাওয়া গেছে।
এপ্রিল মাসে দেশে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে গত শুক্রবার অধিকার এ প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, অধিকারের প্রাপ্ত তথ্যমতে, এপ্রিল মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১০ জন গুম হওয়ার অভিযোগ রয়েছে। এঁদের মধ্যে গুম হওয়ার পরে তিনজনের লাশ পাওয়া গেছে এবং সাতজনকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপহূতদের পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাঁদের স্বজনদের ধরে নিয়ে গেছেন।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে সারা দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন ১৮ জন। এঁদের মধ্যে ১৪ জন তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’ বা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বলে অভিযোগ রয়েছে। এঁদের মধ্যে র্যাবের হাতে পাঁচজন, পুলিশের হাতে চারজন, কোস্টগার্ডের হাতে তিনজন এবং র্যাব-বিজিবি যৌথ অভিযানে দুজন নিহত হন। বিজ্ঞপ্তি।