এপ্রিলে বিচারবহির্ভূত হত্যার শিকার ৯ ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এপ্রিল মাসে দেশে নয়জন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে আটজন নিহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘ক্রসফায়ার’ বা ‘এনকাউন্টার’ বা ‘বন্দুকযুদ্ধে’। বাকি একজন পুলিশের গুলিতে নিহত হন।
মানবাধিকার সংস্থা অধিকার তাদের এপ্রিল মাসের প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বন্দুকযুদ্ধে’ নিহত আটজনের মধ্যে একজন র্যাবের হাতে ও বাকি সাতজন পুলিশের হাতে নিহত হয়েছেন।
অধিকার আরও জানিয়েছে, এপ্রিল মাসে রাজনৈতিক সহিংসতায় সারা দেশে ১১ জন নিহত এবং ২৬২ জন আহত হয়েছেন। ওই মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৭টি ও বিএনপির একটি অভ্যন্তরীণ সংঘর্ষের খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘর্ষে চারজন ও বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে একজন মারা গেছেন। এসব অভ্যন্তরীণ সংঘাতে দেড় শর বেশি লোক আহত হয়েছেন।
দেশে গুমের ঘটনা অব্যাহত রয়েছে উল্লেখ করে অধিকার বলছে, এপ্রিলে দুই ব্যক্তি গুমের শিকার হয়েছেন। এর মধ্যে একজনকে গুম করার পর লাশ পাওয়া গেছে। আরেকজনকে গুম করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
অধিকার জানিয়েছে, এপ্রিল মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে ১৬ জন সাংবাদিক আহত হয়েছেন। দুজন হামলার শিকার হয়েছেন, দুজনকে হুমকি দেওয়া হয়েছে। এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।