এপ্রিলে বিমসটেক পররাষ্ট্রসচিবদের বৈঠক
বঙ্গোপসাগরীয় উপকূলের দেশগুলোর জোট বিমসটেকের পরবর্তী কর্মপন্থা ঠিক করতে এপ্রিলের শেষ সপ্তাহে নেপালের কাঠমান্ডুতে বৈঠকে বসছেন সদস্য দেশগুলোর পররাষ্ট্রসচিবেরা। ওই বৈঠকের ঠিক আগে জোটের দেশগুলোতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়ন নিয়ে বাণিজ্যসচিবেরা শ্রীলঙ্কার কলম্বোতে আলোচনায় বসবেন।
ঢাকায় আজ মঙ্গলবার বিমসটেক সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমসটেকের মহাসচিব সুমিত নাকানডালা।
বিমসটেকের (বিভিন্ন খাতের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বঙ্গোপসাগরীয় উদ্যোগ) সাত সদস্য দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী অনুষ্ঠিত বৈঠকগুলোতে বিমসটেকের পররাষ্ট্রসচিব ও বাণিজ্যসচিবেরা জোটের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এবং জোটের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে এই জোট কি কয়েক বছরের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে নাকি ২০৩০ সালকে সামনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে সমন্বয় করে একটি দীর্ঘমেয়াদি কাজের তালিকা করবে সেটা নিয়ে আলোচনা হবে।
জানা গেছে, বিমসটেক এফটিএর বাইরে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখতে ইউএনএসকাপকে একটি ধারণাপত্র তৈরির অনুরোধ জানাতে ঢাকায় অবস্থিত বিমসটেক সচিবালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভিসা সহজ করার উপায় হিসেবে সদস্য দেশগুলোর মধ্যে বিমসটেক বিজনেস ভিসা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
বিমসটেকের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ভারত একটি ধারণাপত্র তৈরি করবে এবং আগামী এপ্রিলে ওই প্রস্তাব নিয়ে পররাষ্ট্রসচিবদের বৈঠকে আলোচনা হবে।