এপ্রিলে শুরু হচ্ছে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার শুরু হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার প্রতিভার ঝলকে সেরা হও পলকে’ শীর্ষক স্কুল শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের প্রতিযোগিতা। আবুল খায়ের গ্রুপের মার্কস ফুলক্রিম মিল্ক পাউডারের সৌজন্যে আগামী এপ্রিল মাস থেকে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে দেশব্যাপী এ প্রতিভার লড়াই। গতকাল সোমবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার কর্মসূচি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড পরিচালক নওশাদ করিম, কনজ্যুমার গুডস বিভাগের উপদেষ্টা তাসনিম এ করিম, প্রতিযোগিতার মিডিয়া সহযোগী এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান এবং রেডিও টুডের মহাব্যবস্থাপক মনিরুজ্জামান খান। নওশাদ করিম বলেন, ‘আমাদের দেশের শিক্ষা অনেক বেশি চাকরিমুখী। আমরা চাই এই শিক্ষা হবে আনন্দের। শিক্ষার্থীরা প্রকৃতির কাছ থেকে শিখবে, সৃজনশীল হবে এবং যুক্তিনির্ভর হবে। সে জন্য শিক্ষাসহায়ক বিভিন্ন বিষয় নিয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছে আবুল খায়ের গ্রুপ।’প্রতিযোগিতার বিস্তারিত বর্ণনা করেন তাসনিম এ করিম। তিনি বলেন, ‘একটি সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে স্কুলশিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বের করে আনার জন্য এ উদ্যোগ।’ প্রতিযোগিতার প্রাথমিক-পর্যায়ের নির্বাচনী-পর্বে দেশের মোট ছয়টি বিভাগের স্কুল থেকে প্রাথমিক (প্রথম থেকে পঞ্চম শ্রেণী), নিম্নমাধ্যমিক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী) এবং মাধ্যমিক (নবম থেকে দশম শ্রেণী)—এই তিন দলে প্রতিযোগিতা হবে। বিষয় হলো—চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য, অভিনয়, দেশের গান, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও কুইজ। এ ছাড়াও প্রতিযোগীদের উপস্থাপনা এবং বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে এই বিচারপ্রক্রিয়া শেষ হবে। একজন প্রতিযোগী তার নিজ বিভাগে যেকোনো বিষয়ে অংশ নিতে পারবে। প্রাথমিক-পর্যায়ে ৬৩০ জন নির্বাচিত হবে। তারা অংশ নেবে আঞ্চলিক প্রতিযোগিতায়। সেখানে ১০০ জন ‘সেরা অলরাউন্ডার’ নির্বাচিত হবে। এদের মধ্যে থেকে তিন দলের বিজয়ী ১৮ জনকে নিয়ে হবে ‘থিয়েটার রাউন্ড’ প্রতিযোগিতা। এখান থেকেই নির্বাচিত হবে সেরা অলরাউন্ডার। ‘মার্কস অলরাউন্ডার প্রতিভার পলকে সেরা হও ঝলকে’ প্রতিযোগিতায় তিন দলের সেরা অলরাউন্ডারের জন্য রয়েছে ১০ লাখ টাকা করে বৃত্তি অথবা তাদের পরিবারের জন্য একটি করে গাড়ি। চূড়ান্ত-পর্বে রানার্সআপ ছয়জন অলরাউন্ডার প্রত্যেকে পাবে এক লাখ টাকার বৃত্তি। সেরা ১০০ জন প্রত্যেকে পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড পাবে, সে সঙ্গে তার স্কুলকে দেওয়া হবে একটি করে কম্পিউটার। প্রতিযোগিতার নাম নিবন্ধন-প্রক্রিয়া শেষ হবে ৩১ মার্চ। ২ এপ্রিল থেকে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে প্রতিযোগিতা শুরু হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতায় নিবন্ধন ফরম দেওয়া হবে। ফরম পূরণ করে পাঠাতে হবে মার্কস অলরাউন্ডার, ১৫২/২-ডি (চতুর্থ তলা), গ্রিন রোড, পশ্চিম পান্থপথ, ঢাকা ঠিকানায়। এ ছাড়া মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠিয়েও নিবন্ধন করা যাবে। নিবন্ধন করতে REG বয়স> স্কুলের নাম> শ্রেণী> ঠিকানা> জেলা লিখে ৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত ০১৮২ ৬৬৬৬৬২০, ০১৮২ ৬৬৬৬৬৩০, ০১৮২ ৬৬৬৬৬৪০ নম্বরে ফোন করা যাবে। এ ছাড়া www.marksallrounder.com ওয়েবসাইটেও নাম নিবন্ধন করা যাবে।