এপ্রিলের কার্পেটিং শুরু হয়নি মেমাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কিলোমিটার দৈর্ঘ্যের গণি বেকারি-চকবাজার সড়কের প্রস্থ ছিল ৩০ ফুট। গত বছরের জুন মাসে সম্প্রসারণকাজ শুরু হওয়ার পর সড়কের প্রস্থ ৬০ ফুটে উন্নীত করা হয়। তবে দ্বিগুণ চওড়া করা হলেও সম্প্রসারিত অংশে কার্পেটিং না থাকায় এই সড়কে যানজট না কমে বরং ভয়াবহ আকার ধারণ করেছে।

গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের উভয় দিকে সৃষ্টি হয়েছে যানজট। কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে বড় আকারের গর্তে আটকে আছে একটি টেম্পো। টেম্পোটির পেছনে যানবাহনের দীর্ঘ সারি। বিপরীত দিক থেকে আসা যানবাহনও আটকে আছে যানজটের কারণে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে কাপাসগোলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় আড়াই কিলোমিটার সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয় গত বছরের জুনে। এর মধ্যে এক কিলোমিটার দীর্ঘ গণি বেকারি-চকবাজার অংশের সম্প্রসারণ হলেও কার্পেটিং শুরু হয়নি। অপর দিকে দেড় কিলোমিটার দীর্ঘ চকবাজার বহদ্দারহাট সড়কের সম্প্রসারণ শুরুই হয়নি।

গণি বেকারি চকবাজার সড়কের সম্প্রসারিত অংশে একধিকবার কার্পেটিংয়ের সময় নির্ধারণ করা হলেও কার্পেটিং হয়নি। গত মার্চ মাসের শেষ সপ্তাহে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা জানিয়েছিলেন, এপ্রিলে কার্পেটিং শুরু হবে। গত বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে কার্পেটিং শুরু হতে পারে আগামী জুন মাসে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সূত্র জানায়, কাপাসগোলা সড়কটি সম্প্রসারণে মোট ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি টাকা। এই প্রকল্পের অধীনে এক কিলোমিটার দৈর্ঘ্যের গণি বেকারি-চকবাজারের অংশের সম্প্রসারণের কাজ চলছে। চকবাজার মোড় থেকে বহদ্দারহাট পর্যন্ত অংশে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা এবং পর্যাপ্ত অর্থ ছাড় হয়নি। এই দুই কারণ দেখিয়ে চউকের পক্ষ থেকে আবেদন করে প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত কয়েক দিন সরেজমিনে দেখা গেছে, সড়কটির সম্প্রসারিত অংশের ভিত্তি (বেইস) তৈরির কাজ চলছে। দীর্ঘ দিন ধরে নির্মাণকাজ চলায় ও সংস্কার না হওয়ায় সড়কে সৃষ্টি হয়েছে বড় আকারের গর্ত। এই সড়কে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। এ ছাড়া এখানে বেশকিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, কয়েকটি ছাত্রীনিবাস ও বেশ কিছু আবাসিক ভবন রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে জড়ো করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। দেব পাহাড় অংশ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত অংশে উভয় পাশেই খানাখন্দে ভরা।

চট্টগ্রাম কলেজের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন, ‘মনে হয় কোনো দুর্গম এলাকায় যাওয়া-আসা করছি। গ্রীষ্মে ছিল ধুলার উৎপাত আর এখন পুরো রাস্তা জল-কাদায় ভরা। রিকশাচালকেরা এই সড়কে যেতে চান না। হেঁটে চলাচল করারও উপায় নেই।’

হাজী মুহাম্মদ মুহসীন কলেজের অধ্যাপক ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের শিক্ষা এলাকা হিসেবে এই সড়কের গুরুত্ব অন্যান্য সড়কের তুলনায় বেশি। সম্প্রসারণে ধীরগতির জন্য শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে।’ প্রকল্প পরিচালক আ হ ম মেজবাহ উদ্দিন বলেন, সড়কের সম্প্রসারিত অংশে পাঁচ ভাগে ভাগ করে ভিত্তি (বেইস) নির্মাণের কাজ চলছে। এরমধ্যে তিনটি ভাগের কাজ শেষ। আগামী ১০ দিনের মধ্যে বাকি দুই ভাগের কাজও শেষ হবে। এরপর বৃষ্টি না থাকলে জুন মাসে কার্পেটিং শুরু হতে পারে। শুরু থেকেই জমি অধিগ্রহণ, ওয়াসার পানি সরবরাহ লাইনের কাজ ও পাহাড়ি মাটি কেটে সীমানা প্রাচীর নির্মাণের মতো কাজ করতে হয়েছে। তাই কিছুটা সময় লাগছে। আশা করি জুনের মধ্যেই গণি বেকারি থেকে অলি খাঁ মসজিদ পর্যন্ত অংশের কাজ শেষ হবে।