এপ্রিলের বেতন না পেয়ে শিক্ষক-কর্মচারীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক ও কর্মচারী এখনো এপ্রিল মাসের বেতন না পেয়ে বিপাকে পড়েছেন। সরকার যথাসময়ে চেক হস্তান্তর করলেও সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষের অবহেলার কারণে ২৫ মে তাঁরা বেতন-ভাতার টাকা তুলতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলশিক্ষক নজরুল ইসলাম জানান, তিনি প্রতিমাসে বাকিতে দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনেন। পরের মাসে নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে বেতনের টাকা তুলে তিনি বকেয়া পরিশোধ করেন। ২৫ মে তিনি বেতনের টাকা তুলতে সোনালী ব্যাংক লিমিটেড পুরান বাজার শাখায় যান। কিন্তু ব্যাংকের প্রধান শাখার কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে বেতন তুলতে না পারায় তাঁকে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে। সোনালী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সোনালী ব্যাংক গাইবান্ধার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আল মামুন জানান, ঢাকার সোনালী ব্যাংকের লোকাল অফিস থেকে বেতন-ভাতার টাকা কম আসায় বুধবার পর্যন্ত তা দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি ঢাকার কার্যালয়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।