আগামী এপ্রিল মাসের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ পরামর্শ দেন।
প্রায় আধঘণ্টার এই বৈঠকে আইজিপির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন।
আইজিপির বিদায়ের পর সন্ধ্যায় সাংবাদিকেরা ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে জানতে চান, নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার পুলিশের আছে কি না—জবাবে সচিব বলেন, নির্বাচনের সময়সূচি নিয়ে পুলিশের বলার কিছু নেই। নির্বাচন কবে হবে, তা ইসি ঘোষণা করবে। তবে এখানে আইজিপির কাছ থেকে আইনশৃঙ্খলা বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছে। সচিব বলেন, খুব তাড়াতাড়ি তফসিল ঘোষণা করা হবে।
এর আগে সাংবাদিকেরা সিইসির সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করলেও তিনি কিছু না বলে বেরিয়ে যান।
অবশ্য বৈঠক শেষে আইজিপি সাংবাদিকদের বলেন, তাঁরা ৩০ এপ্রিলের মধ্যে তিন সিটি করপোরেশনের নির্বাচন শেষ করার অনুরোধ করেছেন। কারণ, এপ্রিলের শেষে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। মে মাসে খেলা চলবে। সে সময়ে নির্বাচন হলে পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন হবে।
শহীদুল হক বলেন, ‘আমরা একাধিক দিনে তিন সিটিতে নির্বাচন করতে বলেছি। কিন্তু ইসি তাতে রাজি হয়নি। তারা সম্ভবত এক দিনেই তিন সিটিতে নির্বাচন করতে চায়। সিইসি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা বলেছি পরিবেশ অনুকূল। তফসিল ঘোষণার পর নির্বাচনী আমেজ তৈরি হবে, মানুষ নির্বাচনমুখী হবে, তখন পরিবেশ আরও স্বাভাবিক হয়ে আসবে।’
কোনো ধরনের নাশকতার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, নাশকতাকারীদের দেশের মানুষ প্রতিহত করে দেবে।
এর আগে বৃহস্পতিবার ইসিতে আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকেও পুলিশের পক্ষ থেকে একাধিক দিনে ঢাকার দুই সিটিতে নির্বাচনের প্রস্তাব করা হয়েছিল। সেদিনও ইসি তাদের প্রস্তাবে সায় দেয়নি। তবে সেদিনের বৈঠকে আইজিপি উপস্থিত ছিলেন না।
ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে তাদের পক্ষ থেকে ঢাকার দুই সিটিতে এপ্রিলের শেষ সপ্তাহে ভোট করার প্রস্তাব কমিশনে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবে চলতি সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার কথা বলা হয়েছে।