এপ্রিলের মধ্যে মহাসড়ক মেরামতে দৃশ্যমান অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

আগামী এপ্রিলের মধ্যে মহাসড়ক মেরামতের কাজে দৃশ্যমান উন্নতি হবে এবং জুন মাসের মধ্যে মহাসড়কের মেরামত শেষ হবে। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

সড়ক মহাসড়ক পরিস্থিতি নিয়ে বেলা ১১টায় সচিবালয়ে ওই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলন নজরুল ইসলাম বলেন, গতবার অনেক বড় বর্ষা হওয়ায় উন্নয়নকাজ তিন মাস পিছিয়ে যায়। এ জন্য কিছু সড়কের অবস্থা খারাপ হয়ে যায়। ইতিমধ্যে ৪২ শতাংশ সড়কের মেরামত ও উন্নয়ন শেষ হয়েছে। জুনে পুরো কাজ শেষ হবে।

বাংলাদেশে সড়ক নির্মাণ সবচেয়ে ব্যয়বহুল—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজে প্রতি কিলোমিটারে ১৮ কোটি টাকা খরচ হয়েছে। এখন কিছু কিছু কাজে কিলোমিটারপ্রতি ৫৪ কোটি টাকা খরচ হচ্ছে। সম্প্রতি আমি দক্ষিণ কোরিয়া সফর করেছি। সেখানে দেখেছি, প্রতি কিলোমিটার ১৭৪ কোটি টাকা খরচ হচ্ছে।’

সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে, সড়ক নির্মাণের টাকা খেয়ে ফেলা হচ্ছে, এ রকম কোনো স্টাডি বা ধারণা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘এ রকম কথা আমরা আগে শুনেছি। আমি দায়িত্ব নেওয়ার পর এমন কোনো বিষয় পাইনি। কেউ কাজ না করে বিল-ভাউচার উঠিয়ে নিতে পারে—এমনটা হতে পারে। কিন্তু এ রকম কোনো বিষয় নেই। সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) স্বতন্ত্রভাবে রাস্তা নির্মাণের পর তা মূল্যায়ন করে থাকে। এমনটা হলে তাদের রিপোর্টে আসার কথা।’

সংবাদ সম্মেলনে রাজনৈতিক ঠিকাদারের কারণে সড়ক মেরামতের কাজ সঠিকভাবে হয় না এবং দ্রুত তা ভেঙে যায়—সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান বলেন, ‘ঠিকাদারের চরিত্র আমাদের জানা নেই। তারা কোন দল করে, এটা আমরা বিবেচনা করি না। ১০০ কোটি টাকার নিচে যেসব দরপত্র হয়, ই-টেন্ডারিংয়ের মাধ্যমে হয়। স্বচ্ছভাবে করা হয়। দল বিবেচনা করার সুযোগ নেই।’

এ সময় সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।