কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত এফ ইউনিটে ভর্তি বাতিল এবং নতুন করে ভর্তি পরীক্ষার কার্যকারিতা আগামী দুই মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
এফ ইউনিটে (গণিত ও পরিসংখ্যান) ভর্তি হওয়া ৮৮ জন শিক্ষার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার দুপুরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা বাতিল এবং নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ৬ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার কার্যকারিতা আদালত দুই মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন। আদালত রুল জারি করেছেন।
গত বছরের ৭ ডিসেম্বর এফ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষা শেষে বিভিন্ন মহল থেকে এ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। ২৫ জানুয়ারি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এফ ইউনিটে ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। ১৬ মার্চ ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।