আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এতে তিন ছাত্র আহত হন। এ সময় হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুরো ঘটনাকে সাজানো নাটক হিসেবে দাবি করেছেন হলের প্রাধ্যক্ষ।গত ১ ফেব্রুয়ারি একই হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক প্রাণ হারান। ওই ঘটনার পর ছাত্রলীগ হল কমিটি স্থগিত করে। কিন্তু এর পরও ওই হলে প্রায়ই ছোটখাটো সংঘর্ষ হয়।এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী হলের সুষ্ঠু পরিবেশ রক্ষায় কিছু পদক্ষেপ নেয়। কিন্তু ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের কিছু নেতা এর বিরোধিতা করে আসছেন। এ জন্য তাঁরা হলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছেন। এর অংশ হিসেবেই তাঁরা রাতে মূলত একটি নাটকের অবতারণা করেন। তাঁদের বিরুদ্ধে হল কর্তৃপক্ষ শিগগিরই ব্যবস্থা নেবে।হলের শিক্ষার্থীরা জানান, ১১১ নম্বর কক্ষে ছাত্র তোলাকে কেন্দ্র করে হলের ছাত্রলীগের নেতা মশিউর রহমান ও সায়িদ হাসানের পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। রোববার রাতে মশিউর ওই কক্ষে অবস্থানরত সায়িদের সমর্থক রাজিবকে বের করে দিয়ে নতুন একটি ছেলেকে তুলে দেন। ওই কক্ষের কয়েকজন ছাত্র এর প্রতিবাদ করলে মশিউর ও তাঁর সমর্থকেরা ওই ছাত্রদের ওপর হামলা চালান। এ নিয়ে পরে উত্তেজনা ছড়ায়।আহত ছাত্ররা হলেন, উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রিজভি, হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহমুদ এবং ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফ। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।