এফএইচইএমবির লোগো চূড়ান্ত, আট শিল্পীকে সম্মাননা
দক্ষিণ এশিয়ার দেশগুলোর নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত ‘ফোরাম অব হেডস অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস (এফএইচইএমবি) অব সাউথ এশিয়ার’ লোগোর নকশা চূড়ান্ত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার প্রাথমিকভাবে নির্বাচিত আটটি লোগোর নকশাকারী শিল্পীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।গত বছরের ৩০ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে এফএইচইএমবির তৃতীয় সম্মেলনে বাংলাদেশ নির্বাচন কমিশনকে এই ফোরামের লোগো তৈরির দায়িত্ব দেওয়া হয়। নির্বাচন কমিশন লোগোর নকশা প্রতিযোগিতার আহ্বান করলে ৬৩ জন শিল্পী এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রত্যেকে চারটি করে নকশা জমা দেন। সাত সদস্যের লোগো মূল্যায়ন কমিটি প্রায় আড়াই শ নকশা থেকে প্রাথমিকভাবে আটজন শিল্পীর ১০টি নকশা নির্বাচন করে। পরে মূল্যায়ন কমিটি বাছাই করা আটজন শিল্পীর নকশার তাৎপর্য পর্যালোচনা করে এফএইচইএমবির উদ্দেশ্য ও কার্যপরিধির সঙ্গে সংগতি রেখে মানোন্নয়নের পরামর্শ দেয়। পরে এসব লোগো থেকে বাছাই করে ফোরাম একটি লোগো চূড়ান্ত করে। বিজ্ঞপ্তি।