এফএওর সহায়তায় স্কুলশিশুদের বিনা মূল্যে দুধ দেবে মিল্ক ভিটা
দরিদ্র শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ব্যতিক্রমী কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এফএওর আর্থিক সহায়তায় মিল্ক ভিটা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বিনা মূল্যে দুধ সরবরাহ করবে।এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে গত রোববার ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী এবং এফএওর বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, শাহজাদপুর উপজেলায় সাতটি প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার ছাত্রছাত্রীকে আগামী এক বছর বিনা মূল্যে প্রতিদিন এক প্যাকেট করে মিল্ক ভিটার দুধ সরবরাহ করা হবে। মিল্ক ভিটার পাস্তুরিত তরল দুধ প্যাকেটজাত করে ঢাকা থেকে শীতাতপনিয়ন্ত্রিত বাহনের মাধ্যমে সরাসরি বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এ জন্য আর্থিক সহায়তা হিসেবে মিল্ক ভিটাকে এক কোটি ৪৩ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছে এফএও।এ প্রসঙ্গে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী বলেন, শিশুদের পুষ্টি রক্ষা ও মেধা বিকাশে দুধ অপরিহার্য খাদ্য। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে দুধ পৌঁছে দেওয়ার এ ব্যতিক্রমী কার্যক্রম সবাইকে অনুপ্রাণিত করবে বলে তাঁর বিশ্বাস।