টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) অনশনরত শিক্ষার্থীদের মধ্যে দুজন গতকাল রোববার অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে অনশন চলাকালে বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের অভিযোগে অনশনকারী কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জমরুদ হোসেন গত শনিবার রাতে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় ১১ জন শিক্ষার্থীর নামসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করেছেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, মামলাটির তদন্ত চলছে।জানা গেছে, অনশনকারীদের মধ্যে আতিকুর রহমান ও মঞ্জুরুল ইসলাম গতকাল অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আরও কয়েকজনকে স্যালাইন দেওয়া হয়েছে। অনশনস্থলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিকিৎসক দল রাখা হয়েছে।উল্লেখ্য, বিএসসি সম্মান ডিগ্রির পরিবর্তে বিএসসি প্রকৌশলী ডিগ্রির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ১১ মাস ধরে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্নভাবে আন্দোলন করে আসছেন। এ আন্দোলনকে কেন্দ্র করে মামলাসহ ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে। সর্বশেষ গত ২২ মার্চ শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রশেদ খান মেনন টেলিকনফারেন্সে তাঁদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন।শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় তাঁরা পুনরায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক জানান, শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি মেনে নেওয়ার সুযোগ নেই। অনশন ছেড়ে ক্লাসে যোগ দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।