এফটিএনএসকে প্রকৌশল ডিগ্রি দেওয়ার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগে (এফটিএনএস) প্রকৌশল ডিগ্রি দেওয়ার কোনো সুযোগ নেই। তাই কর্তৃপক্ষ আন্দোলন ছেড়ে ওই বিভাগের সব শিক্ষার্থীকে ক্লাসে যোগদানের আহ্বান জানিয়েছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাঁরা জানিয়েছেন, প্রকৌশল ডিগ্রি না দিলে তাঁরা ক্লাসে ফিরে যাবেন না। গতকাল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য এম নুরুল ইসলাম বলেন, ‘সাড়ে তিন মাস পর এফটিএনএস বিভাগ খুলে দেওয়া হলেও শুভ লক্ষণ দেখতে পাচ্ছি না। কিছুসংখ্যক ছাত্র সাধারণ শিক্ষার্থীদের ক্লাসে যোগদানে বাধা দিচ্ছে। শিক্ষকদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে। ক্লাসে যোগ দেওয়ায় তৃতীয় বর্ষের ছাত্র নাজমুল হাসান হামলার শিকার হয়েছে।’ এ ব্যাপারে প্রক্টর মুহাম্মদ উমর ফারুক টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জমরুদ হোসেন বলেন, এফটিএনএস বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রকৌশল ডিগ্রির দাবিতে শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে স্মারকলিপি প্রদান করেছিল। তাদের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গত ২৭ ডিসেম্বর উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে এক সভার আয়োজন করে। কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে পড়ানো হয়, এমন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও সংশ্লিষ্ট বিভাগের ডিন, চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়েছে যে এফটিএনএস বিভাগের অধীনে যে ডিগ্রি দেওয়ার ব্যবস্থা বিদ্যমান আছে, তা অপরিবর্তিত থাকবে। এদিকে প্রকৌশল ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাঁরা জানিয়েছেন, মঞ্জুরি কমিশন আয়োজিত সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে পাঠ্যসূচি উপস্থাপন করেছেন, তা তাঁদের আন্দোলন শুরু হওয়ার পর তৈরি করা হয়েছে। প্রকৌশল ডিগ্রির পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য তাদের পক্ষের বা নিরপেক্ষ কেউ সভায় ছিলেন না। শিক্ষার্থীরা জানান, প্রকৌশল ডিগ্রির কোনো বিকল্প নেই। এ দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা আগামী দিনে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য মনিরুজ্জামান, প্রক্টর মুহাম্মদ উমর ফারুকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এফটিএনএস বিভাগের শিক্ষার্থীরা বিএসসি সম্মান ডিগ্রির পরিবর্তে প্রকৌশলী ডিগ্রির দাবিতে গত ১২ জুলাই থেকে আন্দোলন শুরু করেন।