টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে।বিএসসি সম্মান ডিগ্রির পরিবর্তে বিএসসি প্রকৌশল ডিগ্রির দাবিতে তাঁদের এ অনশনের চতুর্থ দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১১ জনকে অসুস্থ অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার আরও ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ২৮ জন অসুস্থ হয়ে পড়লে তাঁদের সেখানেই স্যালাইন দেওয়া হয়।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসা দল তিন শিফটে অনশনকারী শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিচ্ছে। চিকিৎসা দলের প্রধান সাব্বির আহাম্মেদ ঢালী জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনশনকারী শিক্ষার্থীদের অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন মঞ্জুরুল ইসলাম, আতিকুর রহমান, মাহফুজুল হক, আবদুল হাকিম, কাউছারুল আলম মানিক, রানা আহাম্মেদ, শামছুল হক, আতিক (২), শিপন, সোহেল রানা, নুরুন্নবী, শুভ্র রায়, সাদেকুর রহমান, তামান্না আক্তার, জনি, ইমরান মিয়া, তুষার, স্বপন, জুয়েল রানা ও মাহবুব হোসেন।এদিকে অনশনকারী শিক্ষার্থীদের অভিভাবকেরা শহীদ স্মৃতি পৌর উদ্যানের সামনে আধঘণ্টা মানববন্ধন পালন করেছেন। তাঁরা শিক্ষার্থীদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।অপর দিকে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৫ সদস্যবিশিষ্ট একটি দল। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শিক্ষার্থীদের দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে। এ ব্যাপারে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উমর ফারুক বলেন, ‘কয়েকটি বাম সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। আমরা তাঁদের জানিয়েছি, শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য, সহ-উপাচার্য, শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত কমিটির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক হয়। সেখানে প্রকৌশল ডিগ্রির দাবি মেনে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।’প্রকৌশল ডিগ্রির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ১১ মাস ধরে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্নভাবে আন্দোলন করে আসছে। এ আন্দোলনকে কেন্দ্র করে মামলাসহ ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে।