এফটিএনএসের শিক্ষার্থীরা আবার অনশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসসি সম্মান ডিগ্রির পরিবর্তে বিএসসি প্রকৌশল ডিগ্রির দাবিতে গতকাল শনিবার থেকে আবার আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) শিক্ষার্থীরা।গতকাল সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সেখানে অনশন শুরু করায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তাঁদের তুলে দেয়। পরে শিক্ষার্থীরা পৌর ভবনের সামনের রাস্তায় অবস্থান নেন। ঘণ্টাখানেক সেখানে অনশনের পর নির্বাহী হাকিম রবিউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদের অনুরোধে অনশনরত শিক্ষার্থীরা শহীদস্মৃতি পৌর উদ্যানে অনশন কর্মসূচির স্থান পরিবর্তন করেন। শিক্ষার্থীরা জানান, তাঁদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।উল্লেখ্য, প্রকৌশল ডিগ্রির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ১১ মাস ধরে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্নভাবে আন্দোলন করে আসছেন। এ আন্দোলনকে কেন্দ্র করে মামলাসহ ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে। সর্বশেষ গত ২২ মার্চ শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রশেদ খান মেনন টেলিকনফারেন্সে তাঁদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক জানান, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের বৈঠক হয়। সেখানে প্রকৌশল ডিগ্রির দাবি মেনে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।