এফডিসির যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতি, দুদকে মামলার সুপারিশ
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) আধুনিকায়ন ও সম্প্রসারণে দুর্নীতির অভিযোগে প্রকল্প পরিচালক, সরবরাহকারীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধান শেষে আজ রোববার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।
আলাদা দুটি প্রকল্পে দুর্নীতির অনুসন্ধান চললেও আজ একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। অন্যটি প্রক্রিয়াধীন রয়েছে। দুদকের উপপরিচালক হামিদুল হাসান অভিযোগ দুটির অনুসন্ধান করেন।
দুদক সূত্র জানায়, ২০০৭ সালে ৪ কোটি টাকার ডিজিটাল সাউন্ড টারবো সিস্টেম (ডিটিএস) যন্ত্রপাতি সরবরাহ করে ‘ফেইথ ইন্টারন্যাশনাল’। কিন্তু কারিগরি কমিটির সরেজমিন পরিদর্শনে সরবরাহ করা যন্ত্রপাতির মধ্যে ১৬টি আইটেম পুরাতন বলে চিহ্নিত হয়। অথচ ঋণপত্রের (এলসি) বিপরীতে সরবরাহকারী প্রতিষ্ঠান ৬০ শতাংশ অর্থ ব্যাংক থেকে তুলে নেয়।
অনুসন্ধানে অভিযোগ প্রমাণ হওয়ায় এফডিসির প্রকল্প পরিচালক কে এম আইয়ুব আলী ও সহকারী প্রকল্প পরিচালক মনিরুজ্জামান খান, সরবরাহকারী প্রতিষ্ঠান ফেইথ ইন্টারন্যাশনালের অংশীদার উজ্জ্বল চক্রবর্তীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করা হয়। সুপারিশে জড়িতদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। গত বছর ডিসেম্বরে অভিযোগ দুটির অনুসন্ধান শুরু হয়।