বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার তদন্তে এফবিআইয়ের সংযুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছেন তাঁর বাবা পদার্থবিদ অধ্যাপক অজয় রায়। এফবিআই হত্যাকারীদের খুঁজে বের করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে অধ্যাপক অজয় রায় এসব কথা জানান। যশোর হত্যাকাণ্ডের ১৬তম বার্ষিকী উপলক্ষে উদীচী এ অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যাপক অজয় রায় বলেন, ‘আমি একজন পিতা হিসেবে চাই, আমার সন্তানের হত্যাকারীদের অতি দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা ও কোন গোষ্ঠী জড়িত, তা আমরা জানি। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো, সরাসরি যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের বের করা।’
অজয় রায় বলেন, ‘হুমকিদাতা ধরা পড়েছে। এখন এই হত্যায় সরাসরি জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। এফবিআই এসেছে। তাঁদের সহযোগিতায় মামলার কার্যক্রম আরও সহজ হবে। তাঁরা এই হত্যায় সরাসরি জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পারবে বলে আশা করছি।’
এর আগে সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অভিজিৎ হত্যার বিচারের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের ব্যানারে দেশের বিশিষ্টজনেরা মানববন্ধন করেন। তাঁদের ব্যানারে লেখা ছিল—‘অভিজিৎ রায়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘মুক্তচিন্তা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখো’, ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, হত্যা ও পেট্রলবোমানির্ভর রাজনীতি রুখে দাঁড়াও’ এবং ‘মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোল’।
এ সময় বিতরণ করা লিফলেটে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দেড় ঘণ্টার মতো এই মানববন্ধন হয়। আয়োজক সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে মানববন্ধনে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বিচারপতি এবাদুল হক, অধ্যাপক এম এম আকাশ, আজিজুর রহমান, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে একই স্থানে মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ।
এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থীরা অভিজিৎ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন।