এফবিআই এজেন্টকে ঘুষের কথা স্বীকার করলেন বিএনপি নেতার ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্ষমতাসীন দলের রাজনীতিতে সক্রিয় একজনের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) এজেন্টকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন একজন প্রবাসী বাংলাদেশি ও তাঁর এক মার্কিন সহযোগী। গত শুক্রবার তাঁরা মার্কিন আদালতে ঘুষ দেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই বাংলাদেশির নাম রাজীব আহমেদ সিজার (৩৫)। তাঁর মার্কিন সহযোগীর নাম জোহানেস থালের (৫১)। রাজীব আহমেদ যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে।
রাজীব আহমেদ সিজার ও জোহানেস গত শুক্রবার নিউইয়র্কের হোয়াইট প্লেন ফেডারেল কোর্টের বিচারক ভিনসেন্ট এল ব্রিকেটির সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে তাঁরা বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত ওই বাংলাদেশি রাজনীতিক সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহে করে দেওয়ার বিনিময়ে ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের মার্চের মধ্যে এফবিআইয়ের সাবেক এজেন্ট রবার্ট লাপ্টিকের সঙ্গে তাঁদের ঘুষ লেনদেন হয়। লাপ্টিক ওই সময় এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্সের কর্মকর্তা ছিলেন।
এর আগে রাজীব আহমেদ এবং জোহানেস থালেরের বিরুদ্ধে এফবিআইয়ের এক সাবেক এজেন্টকে ঘুষ দেওয়ার জন্য আদালতে মামলা করা হয়।
মামলার বিবরণে বলা হয়, বাংলাদেশে ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগ) রাজনীতিতে সক্রিয় যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ব্যক্তির ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য তাঁরা ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত এফবিআইয়ের সাবেক এজেন্ট রবার্ট লাপ্টিকের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেন। তথ্য পেতে তাঁরা এফবিআইয়ের ওই এজেন্টকে প্রথম দফায় ৪০ হাজার ডলার দেন এবং মাসিক কিস্তিতে ৩০ হাজার ডলার করে দেওয়ার কথা হয়। এফবিআই এজেন্টের সঙ্গে এ-সংক্রান্ত যোগাযোগের এসএমএস (টেক্সট মেসেজ) ও মোবাইলে কথোপকথনের সূত্র ধরে রাজীব আহমেদ ও জোহানেস থালেরের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার নথিতে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তির নাম-পরিচয় দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, ওই ব্যক্তির রাজনৈতিক ক্ষতি সাধনের জন্য রাজীব এ উদ্যোগ নিয়েছিলেন।

ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া এফবিআইয়ের এজেন্টদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে তথ্যের বিনিময়ে রাজীব আহমেদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার কথাও ধরা পড়ে।

বাংলাদেশের শীর্ষ রাজনীতিকের তথ্য সংগ্রহের কাজে রাজীবের পেছনে আর কে বা কারা ছিল, সে বিষয়েও মামলার বিবরণে কিছু উল্লেখ করা হয়নি।

রাজীব ও থালেরের সঙ্গে এফবিআই কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তা রবার্ট লাপ্টিকের বিরুদ্ধেও আদালতে অভিযোগ আনা হয়েছে। আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর ২০১৬ সালের মধ্য জানুয়ারিতে তাঁদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হবে বলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে।

ঘুষের এই মামলায় রাজীব ও থালেরকে গত আগস্টে গ্রেপ্তার করা হয়। লাপ্টিককে অন্য এক অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, এর আগে এফবিআইকে এক প্রবাসী বাংলাদেশির ঘুষ প্রদানের তথ্য প্রকাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তোড়পাড় শুরু হয়। সংবাদমাধ্যমের খবরে তখন বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়েই বিপাকে পড়েছেন রাজীব। এফবিআইকে ঘুষ দেওয়ার মামলায় রাজীব গ্রেপ্তার হওয়ার পর মোহাম্মদ উল্লাহ মামুন বলেন, দল ও আদর্শের জন্য কাজ করতে গিয়ে তাঁর ছেলে বিপাকে পড়েছে।