বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনা তদন্তে সহায়তা দিতে এফবিআই প্রতিনিধিদলকে স্বাধীনভাবে কাজ করতে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়। গতকাল শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তিনি এ অনুরোধ করেন।
গতকাল শনিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয় অজয় রায়কে। ডিবি পুলিশ অভিজিৎ হত্যার ঘটনায় তাঁর বক্তব্য নেয়। এ সময় যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) তাঁর সঙ্গে হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কথা বলে।
ডিবির কার্যালয় থেকে বাসায় ফিরে অজয় রায় সাংবাদিকদের বলেন, অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে তিনি এফবিআইকে অনুরোধ করেছেন। তিনি ডিবি পুলিশকে অনুরোধ করেছেন, যাতে এফবিআই হত্যা রহস্য উদ্ঘাটনে স্বাধীনভাবে কাজ করতে পারে। ডিবি পুলিশ অভিজিতের বিষয়ে কিছু তথ্য নেন। যেমন তাঁর পুরো নাম, কত দিন ধরে দেশের বাইরে আছেন ইত্যাদি। যখন হামলা হয়েছিল, ঠিক তখন অভিজিতের স্ত্রী তাঁর সঙ্গে ছিলেন কি না, তা-ও গোয়েন্দা কর্মকর্তারা জানতে চান।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার শফিউর রহমান ফারাবীর রিমান্ডের চতুর্থ দিন ছিল গতকাল। তিনি অভিজিৎকে হুমকি দেওয়ার কথা স্বীকার করলেও হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করছেন না। অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তদন্তের অগ্রগতি আছে। ফারাবী তথ্যের উৎস হতে পারে। যারা সরেজমিনে বিষয়টি কার্যকর (খুনি) করেছে, তাদের শনাক্তে কাজ করছে তারা। তদন্ত জোরেশোরেই চলছে।
২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির কাছে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাতে খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়। আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফারাবী ছাড়াও আরেকজনকে আটক করা হয়েছে।