এফবিআইয়ের চার সদস্য ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ রায়
অভিজিৎ রায়

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে ফেসবুক ও ব্লগে যাঁরা হুমকি দিয়েছিলেন, তাঁদের খুঁজে বের করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বৈঠকে এ সহায়তার কথা বলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিজিৎ হত্যা মামলার তদন্তে সহায়তা দিতে এফবিআই ঢাকায় এসে তাঁদের সঙ্গে বৈঠক করেছে।
গতকাল সকালে এফবিআইয়ের (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। বেলা সাড়ে ১১টার দিকে অভিজিৎ হত্যা মামলা তদন্তের সঙ্গে যুক্ত ডিবির কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করে। এতে ডিবির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে তিনটা পর্যন্ত এ বৈঠক চলে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, এফবিআই জানতে চেয়েছে হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলের ছবি তোলা হয়েছে কি না। মামলার তদন্তে কী কী পন্থা অবলম্বন করা হচ্ছে বা করা যেতে পারে, তা নিয়েও আলোচনা করেছে তারা।
বৈঠকে উপস্থিত ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিজিতের ফরেনসিক পরীক্ষাসংক্রান্ত বিষয়েও এফবিআই তদন্তকারীদের সহায়তা করবে। ওই কর্মকর্তা বলেন, অভিজিৎ যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় এ মামলা নিয়ে তাদের আগ্রহ বেশি। বৈঠকে এফবিআইয়ের প্রতিনিধিদলটি বিস্ময় প্রকাশ করে বলে, এত মানুষের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে হতাহতের ঘটনা ঘটিয়ে খুনিরা পালিয়ে গেল কী করে?
ফারাবীর রিমান্ড চলছে: অভিজিৎ হত্যার ঘটনায় গ্রেপ্তারের পর শফিউর রহমান ফারাবীর রিমান্ডের দ্বিতীয় দিন পার হয়েছে গতকাল। তিনি ১০ দিনের রিমান্ডে রয়েছেন। তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেন, হত্যার বিষয়ে তাঁর কাছ থেকে তথ্য পেতে জিজ্ঞাসাবাদে বিভিন্ন কৌশলে অবলম্বন করা হচ্ছে।