এফবিআইয়ের পরীক্ষায় কিছু ব্যক্তির ডিএনএ মিলেছে

বিজ্ঞান-বিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের আলামত পরীক্ষার জন্য মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইকে দেওয়া হয়েছিল। সেখানকার পরীক্ষাগারে কিছু ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম। ডিএনএ প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে ওই ডিএনএ মিলিয়ে দেখা হবে।
গতকাল সোমবার রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে মনিরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অভিজিৎ হত্যায় সরাসরি দুজন অংশ নেন। তাঁদের সঙ্গে আরও চার-পাঁচজন ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। দুই মূল খুনি ধরা পড়লে তাঁদের নাম-পরিচয় জানা যাবে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে কিছু আলামত নষ্ট হয়ে গেলেও সেখান থেকে সংগৃহীত ১১টি আলামত পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। এফবিআই জানিয়েছে, ডিএনএন পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রশাসনিক কাজ শেষে তারা দ্রুত প্রতিবেদন পাঠাবে। ওই প্রতিবেদন পাওয়া গেলে গ্রেপ্তার আট আসামির ডিএনএ প্রোফাইল মিলিয়ে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শফিউর রহমান ফারাবি, সাবেজ আলী, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান, মো. আবুল বাশার ও সাদেক আলিম। এ ছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমানও রয়েছেন। তাঁরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁরা কারাগারে রয়েছেন। তাঁরা আদালতে জবানবন্দি দেননি। তিনি বলেন, এক বছর হলেও অভিজিৎ হত্যা মামলার তদন্ত এক জায়গায় ঠেকে আছে ডিএনএ প্রতিবেদনের জন্য।
অভিজিৎ হত্যায় আনসারুল্লাহ বাংলা টিমের তাত্ত্বিক নেতা মুফতি জসিমউদ্দিন রাহমানীর সম্পৃক্ততা পাওয়া গেছে কি না, জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, মূল আসামি গ্রেপ্তার হলে তাঁরা যদি স্বীকার করেন, তাঁর বই পড়ে খুন করতে অনুপ্রাণিত হয়েছেন, তাহলে এই মামলায় তাঁকে আসামি করা হবে।
গত বছর ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে অভিজিৎ রায়কে হত্যা এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে গুরুতর আহত করে। তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিক।