এফবিসিসিআই নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দুই বছর মেয়াদি নির্বাচনে আজ শনিবার ভোট গ্রহণ করা হবে।ঢাকায় মতিঝিলে ফেডারেশন ভবনে সকাল নয়টা থেকে বিরতি ছাড়াই বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে। আজ রাতেই ভোট গণনা শেষ হলে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।বিজয়ী ও মনোনীত ৪৪ জন পরিচালক সোমবার বিকেল চারটায় সংগঠনের সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।৪৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৮টি পদে সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৪ জন করে নির্বাচিত হবেন। এ ছাড়া আট চেম্বার থেকে আটজন ও আটটি সমিতি থেকে আটজন নিজস্ব সংগঠন দ্বারা পরিচালক মনোনীত হয়েছেন। এবার সরাসরি ভোটের জন্য চেম্বার গ্রুপ থেকে ২০ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৬ জন প্রার্থী হয়েছেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার মোট ভোটারসংখ্যা এক হাজার ৩৪০। এর মধ্যে চেম্বার গ্রুপের ভোটার ৩৫১ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটার ৯৮৯ জন।নির্বাচনে সভাপতি পদপ্রার্থী এ কে আজাদ ও প্রথম সহসভাপতি পদপ্রার্থী এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালক মো. জসিম উদ্দিন যৌথভাবে একটি পূর্ণ প্যানেল দিয়েছেন। এফবিসিসিআইয়ের বর্তমান সহসভাপতি আবু আলম চৌধুরী ‘গণতান্ত্রিক পরিষদ’ নামে কেবল অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আরেকটি প্যানেল দিয়েছেন। এ ছাড়া চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আলাদাভাবে দুটি খণ্ড প্যানেল রয়েছে।আজাদ-জসিম প্যানেলের চেম্বার গ্রুপের অন্য পরিচালক পদপ্রার্থীরা হলেন মমতাজউদ্দিন, জাহাঙ্গীর আকন্দ, মনোয়ারা হাকিম আলী, আহমেদ জামাল, রেজাউল করিম, আবদুস শহীদ, জালালউদ্দীন আহমেদ, শামসুল হক, মোস্তফা আজাদ চৌধুরী, নুরুল হুদা, সিরাজুল হক, নাগিবুল ইসলাম, গোলাম মোস্তফা তালুকদার ও নজিবুর রহমান।একই প্যানেল থেকে অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থীরা হলেন আবদুর রাজ্জাক, মীর নিজাম উদ্দিন আহমেদ, এম এ মোমেন, হেলাল উদ্দিন, আখতারুজ্জামান, মোহাব্বত উল্যাহ, আমিন হেলালী, হারুন-উর-রশীদ, আবু মোতালেব, কে এম আখতারুজ্জামান, শেখ আবদুস সোবহান, খন্দকার রুহুল আমিন ও হাজি হারুন-অর-রশীদ।অন্যদিকে গণতান্ত্রিক পরিষদ থেকে অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থীরা হলেন আবু আলম চৌধুরী, আক্কাস মাহমুদ, মোহাম্মদ নিজাম উদ্দিন, ওবায়দুর রহমান, মোহাম্মদ জালাল উদ্দিন, জাকির হোসেন, এস এ কাদের, আনোয়ার হোসেন, কে এম আর মঞ্জুর, মোহাম্মদ রব্বানী জব্বার, মোহাম্মদ আবদুল হক, এম নজরুল ইসলাম চৌধুরী, এস এম আনোয়ার পারভেজ ও ফারুকুল ইসলাম।